বান্দরবানের থানচি উপজেলায় বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৩৫ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে চারজনকে। গতকাল মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।এদিকে লালমনিরহাটে বিদ্রোহের মামলায় রায়ের তারিখ ধার্য করা হয়েছে ২৩ নভেম্বর।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) গঠিত বিশেষ আদালত-১৬-এ গতকাল সকাল সাড়ে ১০টায় ১০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচার কার্যক্রম শুরু হয়। আদালতের সভাপতি বিডিআরের রাঙামাটি সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম প্রায় ৩০ মিনিট ধরে রায় ঘোষণা করেন। এ সময় তাঁর পাশে ছিলেন বিচারক প্যানেলের দুই সদস্য লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এম এ রাকিব এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।রায়ের শুরুতে আদালত বলেন, আইন অনুযায়ী আসামিদের আত্মপক্ষ সমর্থনে ২৭ দিন সময় দেওয়ার বিধান থাকলেও তাঁদের ১৬৮ দিন সময় দেওয়া হয়েছে। সাফাই সাক্ষী হাজির করার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও তাঁরা কোনো সাফাই সাক্ষী আনেননি। পাশাপাশি যাঁরা দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছেন, যাঁদের চাকরির বয়স কম, যাঁরা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এবং বিভিন্ন সময়ে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন খেতাব পেয়েছেন—সেই বিষয়গুলোও আদালত বিশেষভাবে বিবেচনায় নিয়েছেন। সামগ্রিক বিবেচনায় আসামিরা সবাই বিভিন্ন ধরনের অপরাধ করেছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। অপরাধ সংঘটনের অবস্থা বিবেচনা করে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।আসামিদের মধ্যে হাবিলদার আবদুল বারিক ও সিরাজুল হক, ল্যান্স নায়েক আরমান আলী সিকদার ও সিপাহি চিকিৎসা সহকারী লুৎফর রহমানকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ছয় বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সুবেদার মেজর আবদুস সাত্তার ও নায়েক সুবেদার মোজাম্মেল হোসেনকে। এ ছাড়া আটজনকে পাঁচ বছর, একজনকে সাড়ে চার বছর, চারজনকে চার বছর, ছয়জনকে তিন বছর, চারজনকে দুই বছর, একজনকে এক বছর এবং পাঁচজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সবাই বেসামরিক কারাগারে সাজা ভোগ করবেন বলে আদালত রায়ে জানিয়েছেন।বিদ্রোহের ঘটনায় এ নিয়ে ঢাকার বাইরে সাতটি মামলায় ২৫০ জনের বিভিন্ন মেয়াদে সাজা হলো। খালাস পেয়েছেন ১০ জন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ হয়। ওই ঘটনায় ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে মামলা হয় চলতি বছরের ২২ এপ্রিল। আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল শেষ হয়েছে। ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এ গতকাল সকাল ১০টায় বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় ছয়জনের সাক্ষ্য নেন আদালত। এ নিয়ে গত তিন দিনে মোট ২৫ জনের স্বাক্ষ্য নেওয়া হলো। আদালতের সভাপতি বিডিআরের দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ ২৩ নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করেন।