বান্দরবানের দুজন জঙ্গি আটক, বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে একটি ম্রো গ্রাম থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই ও বোমা তৈরির কৌশলসংক্রান্ত সচিত্র বই, বোমা তৈরির সরঞ্জাম, তাঁবু, কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়ারসহ ১৫০ রকমের মালামাল পাওয়া গেছে।গ্রেপ্তার হওয়া দুজন হলেন শামীম মাহফুজ (৩৫) ও ইসমাইল হোসেন (৩৬)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গত রোববার থানচি উপজেলার বলীপাড়া কমলাবাগান এলাকায় অভিযান চালায়। জায়গাটি জঙ্গি প্রশিক্ষণে ব্যবহূত হয়—এমন বেশ কিছু মালামাল উদ্ধারের পর বিষয়টি পার্শ্ববর্তী বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জানানো হয়। ওই দিন রাতে বিজিবির সদস্যরা চিম্বুক হিল রেঞ্জের দুর্গম কলাই ম্রোপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে শামীম মাহফুজ ও ইসমাইল হোসেনকে আটক করেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ম্রো পাড়ায় তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে প্যাকেট করা আট বস্তা মালামাল উদ্ধার করা হয়।আজ মঙ্গলবার আটক হওয়া দুজন ও উদ্ধার হওয়া মালামালগুলো পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।কমলাবাগান পাড়ার কার্বারী (পাড়াপ্রধান) গুরিকালা চাকমা জানিয়েছেন, শামীম মাহফুজ অনেক দিন ধরে সন্দেহজনকভাবে বলীপাড়া এলাকায় ঘোরাফেরা করে আসছেন। স্থানীয়ভাবে সবাই তাঁকে ভূমিদস্যু হিসেবে চেনে। গত রোববার ম্রো আদিবাসীদের দিয়ে বেশকিছু মালামাল নিয়ে যেতে দেখে তাঁদের সন্দেহ হয়। বিষয়টি তাঁরা উপজেলা চেয়ারম্যান ও পুলিশকে জানালে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।শামীম মাহফুজ পুলিশকে জানিয়েছেন, ২০০৭ সাল থেকে তিনি থানচি উপজেলার বলীপাড়া বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরসংলগ্ন এলাকায় আস্তানা গড়ে তোলেন। তিনি জানান, তিনি মিয়ানমারের আরাকান প্রদেশে নিগৃহীত মুসলমানদের উদ্ধারে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য নিরাপদ জায়গা খুঁজছিলেন। কলাই ম্রোপাড়া এলাকা প্রশিক্ষণ কেন্দ্রের জন্য উপযুক্ত হওয়ায় সেখানে তিনি প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রীর প্রাথমিক চালান নিয়ে গেছেন বলে জানিয়েছেন। শামীম মাহফুজ জানান, তিনি রংপুর ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রজীবনে ইসলামি ছাত্রশিবিরের রাজনীতি করতেন।বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান বলেন, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য উদ্ধার হওয়া সরঞ্জামগুলো কলাই পাড়ায় নেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটক হওয়া ব্যক্তিরা জেএমবির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। তবে তাঁরা তাঁদের সংগঠনের নাম এখনো জানাননি।