বান্ধবীকে ছেলে ভেবে আসছিলেন আশরাফ!
গ্রেপ্তার হওয়ার পর আশরাফ আলীর কাছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে চেয়েছে, কলাবাগানে যে সহপাঠীর বাসায় তিনি হানা দিয়েছিলেন, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না। জবাবে আশরাফ জানান, ওই সহপাঠী তাঁর ছেলেবন্ধু, তাই এমন সম্পর্কের সুযোগ নেই।আশরাফের বক্তব্যে বিপাকে পড়ে যান ডিবির কর্মকর্তারা। তাঁরা গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই সহপাঠীর চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন, আশরাফ ছেলে দাবি করলেও ওই সহপাঠী আসলে মেয়ে।গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডের ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ ঘটনার পর কলাবাগান থানার পাশাপাশি ডিবি পুলিশ আশরাফকে গ্রেপ্তারে অভিযানে নামে। গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জের ধলপুর গ্রামের আশরাফের দূর সম্পর্কের মামার পাশের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দেখে আশরাফ পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। এর আগে হামলায় ব্যবহূত চাপাতি ও বঁটি উদ্ধার করে কলাবাগান থানার পুলিশ।উপকমিশনার বলেন, পরিকল্পিতভাবে আশরাফ তাঁর সহপাঠীর বাসায় হামলা চালিয়ে বান্ধবী ও তাঁর মা-বাবাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তিনি বলেন, আশরাফের শারীরিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি অপ্রকৃতিস্থ বা মাদকাসক্ত কি না। আরও কিছু প্রশ্নের জবাব পেতে আশরাফকে গতকাল বুধবার আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।সম্মেলনে আরও ছিলেন রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণ পদ রায়, ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম ও অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন।সম্মেলন শেষে আশরাফ আলীকে সাংবাদিকদের সামনে আনা হয়। আশরাফ হামলা করার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। ওই মেয়েকে বিয়ে করতে তাঁর টাকার দরকার ছিল। কারণ, মেয়েটির বাবা সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মেয়েটিকে বিয়ে করতেই তিনি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে উচ্চশিক্ষা নিতে বিপুল অঙ্কের টাকা ঋণ করে গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে গিয়েছিলেন। স্নাতকোত্তর পাস করে দেশে ফিরে ওই মেয়েটিকে বিয়ে করবেন, এমনই ইচ্ছা ছিল তাঁর। কিন্তু যুক্তরাজ্যে যাওয়ার পর মেয়েটির আচরণে ব্যাপক পরিবর্তন লক্ষ করেন তিনি। যোগাযোগ করলেও তাঁর মুঠোফোন প্রায়ই ব্যস্ত পাওয়া যেত। এতে তাঁর সন্দেহ হয়। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষকের কাছে ফোন করে জানতে পারেন, মেয়েটি অন্যজনের সঙ্গে প্রেম করছে। এ খবর পেয়ে তিনি দেশে ফিরে আসেন এবং ড্যাফোডিলের সহপাঠীদের সহযোগিতা চান। কলাবাগানের বান্ধবীকে তিনি ও বিশ্ববিদ্যালয়ের সবাই ছেলে বলেই জানতেন। ওই বান্ধবীও নিজেকে ছেলে বলে পরিচয় দিয়েছিলেন। তাঁর শারীরিক গঠন, কণ্ঠও ছেলের মতো ছিল। এই সহপাঠীর বাবার অনেক টাকা। তিনি সিদ্ধান্ত নেন, তাঁদের বাসায় ঢুকে ভয় দেখিয়ে টাকা আদায় করবেন। ২৬ মার্চ সকালে কারওয়ান বাজারে গিয়ে তিনি ৩২০ টাকায় একটি চাপাতি কেনেন। ওই চাপাতি ব্যাগে নিয়ে রাত ১০টার দিকে কলাবাগানের ওই সহপাঠীর বাসায় যান। ওই বাসায় তাঁর যাতায়াত ছিল। একপর্যায়ে রাত ১১টার দিকে ব্যাগ থেকে চাপাতি বের করে সহপাঠীর গলায় ঠেকান আশরাফ। এরপর পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে ২০ লাখ টাকা দাবি করেন। সবার মুঠোফোন তিনি নিজের কাছে নিয়ে নেন। পুলিশ বা কাউকে ডাকলে সহপাঠীকে মেরে ফেলার হুমকি দেন। বান্ধবীর বাবা এত টাকা নেই জানালে আশরাফ তাঁদের গাড়ি ও বাড়ির দলিল দাবি করেন। একপর্যায়ে বান্ধবীর বাবা ৫০ হাজার টাকার চেক লিখে দেন। এভাবে রাত দেড়টা গড়ায়। এরপর বান্ধবীকে জিম্মি রেখেই সবাইকে ঘুমাতে পাঠান।আশরাফ দাবি করেন, তাঁকে ধরিয়ে দেওয়া হবে, এ ভয়েই বান্ধবীকে সারা রাত বসার ঘরে জিম্মি করে রাখা হয়। ভোর হয়ে এলে তিনি বাসা ছেড়ে যেতে বান্ধবীর মাথায় চাপাতি দিয়ে কোপ দেন। বান্ধবী মাথায় হাত দিয়ে সোফায় এলিয়ে পড়লে আরেকটি কোপ দেওয়া হয়। তাঁর চিত্কারে মা এগিয়ে গেলে তাঁকে কোপান তিনি। বাবা বাধা দিতে গেলে তাঁকেও কোপ দেন আশরাফ। মেয়েটির বড় বোন বাথরুমে আত্মগোপন করেন।আশরাফ জানান, এরপর তিনি নিচে নেমে বাড়ির কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ছাদে উঠে চাপাতি ফেলে দেন এবং পাইপ বেয়ে নিচে নামেন এবং গাজীপুরের কালীগঞ্জে পালিয়ে যান।আশরাফ দাবি করেন, লিখে নেওয়া চেকটি ওই সহপাঠীর কাছেই দিয়েছেন তিনি। বাসার সবাইকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না।