বান্ধবীকে বাঁচাতে গিয়ে বিপত্তি (ভিডিও)
রাস্তা দিয়ে একসঙ্গে হেঁটে যাচ্ছিল দুই বান্ধবী। প্রথমে খেয়াল না করলেও হঠাত্ করেই ১৫ বছরের কিশোরী গুয়ো জিয়াওকি দেখল, বান্ধবী লিকিয়াওকিয়োর দিকে একটি গাড়ি ছুটে আসছে। গুয়ো সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল, যে করেই হোক বন্ধুকে বাঁচাতে হবে। তত্ক্ষণাত্ সে রাস্তা থেকে টেনে বন্ধুকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। আর তা করতে গিয়েই ঘটে বিপত্তি। গাড়ি এসে ধাক্কা দেয় গুয়োকে। গাড়িটির ধাক্কায় রাস্তা থেকে কয়েক ফুট দূরে ছিটকে পড়ে সে। তবে সে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। গাড়িটি পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে গুয়োর চারপাশে ভিড় জমে যায়। বান্ধবী লিকিয়াওকিয়ো দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সকেরা জানান, দুর্ঘটনায় গুয়োর মেরুদণ্ডের একটি হাড় ভেঙে গেছে। এ ছাড়া গুয়ো মুখে, দাঁতে ও কানে আঘাত পেয়েছে। ঘটনাটি ঘটেছে চীনের মিশান শহরে। হাসপাতালেও গুয়োকে ঘিরে ভিড় জমে। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে গুয়ো বলে, ‘আমি খুব বেশি কিছু ভাবিনি। একটা কথাই ভেবেছি, আর তা হলো লিকিয়াওকিয়ো আমার ভালো বন্ধু। তাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তবে গুয়ো ব্যাপারটাকে যতই সাধারণভাবে উপস্থাপন করুক, মিশান শহর ও বন্ধুদের কাছে সে এখন রীতিমতো ‘হিরো’। রয়টার্স।