বান্ধবীর আত্মহত্যার খবর শুনে আরেক বান্ধবীর আত্মহত্যা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বান্ধবীর আত্মহত্যার খবর শুনে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আরেক বান্ধবী। আত্মহত্যাকারীরা হলেন উপজেলার চকমাদিয়া গ্রামের মিতা (২০) ও ববিতা (২২)। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। তবে তাঁরা কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। দৌলতপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে উপজেলার চকমাদিয়া গ্রামের আলাউদ্দীনের মেয়ে মিতা তাঁর শয়নকক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ খবর শোনার পর সকাল ১০টার দিকে একই গ্রামে মিতার বিবাহিত বান্ধবী ববিতাও তাঁর শয়নকক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বান্ধবীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ববিতাও আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে একই উপজেলার ময়রামপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাসরিন নামের ১১ বছরের একটি শিশুও গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে।