বাপেক্সই তুলবে কৈলাসটিলার তেল
সিলেটের কৈলাসটিলা ক্ষেত্রে আবিষ্কৃত তেল রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সই তুলবে। তবে তেলকূপ খনন একেবারে নতুন বলে এই কাজে সহায়তার জন্য অভিজ্ঞ কোনো কোম্পানিকে বাপেক্সের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে। সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব, কৈলাসটিলায় তেলকূপ খনন শুরুর কার্যক্রম নেওয়া হয়েছে। কৈলাসটিলা ক্ষেত্রটির পরিচালক সিলেট গ্যাসফিল্ডস কোম্পানিকে (এসজিএফএল) তেলক্ষেত্র উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করতে বলা হয়েছে। পরামর্শক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শুক্রবার পেট্রোবাংলার চেয়ারম্যানসহ একটি প্রতিনিধিদল কৈলাসটিলায় যাচ্ছে। সেখানে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ দলের কর্মকর্তারা কূপ খননের সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে প্রতিনিধিদলের উপস্থিতিতে সিলেট গ্যাসফিল্ডস কোম্পানিকে আগামীকাল শনিবার বুঝিয়ে দেবেন।বাপেক্সের পরিচালিত ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের ফলাফলের আলোকে কৈলাসটিলায় এখন চারটি নতুন কূপ (একটি তেলের, তিনটি গ্যাসের) খননের স্থান নির্ধারণ করা হবে। বর্তমানে সেখানে ছয়টি গ্যাস উত্তোলন কূপ রয়েছে। নতুন কূপগুলো চিহ্নিত হবে ৭, ৮, ৯ ও ১০ নম্বর হিসেবে। ৭ নম্বর কূপটি হবে তেলকূপ। কূপের স্থান নির্ধারণের পর সেখানে কিছু জমি অধিগ্রহণ করতে হবে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য। তবে সেখানে তেল পরিশোধনের যন্ত্রপাতি বসানো হবে না। উত্তোলিত তেল পরিশোধন হবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে।এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, কূপ খননের নির্ধারিত স্থান বুঝে নেওয়ার পর কূপ চারটির জন্য কী পরিমাণ জায়গা অধিগ্রহণ করতে হবে, পাইপলাইন স্থাপন ও মজুদের ব্যবস্থা রাখা, প্রকল্পের মোট ব্যয় প্রভৃতি হিসাব করে আগামী এক মাসের মধ্যে ডিপিপি তৈরি করা হবে।পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, বাপেক্সের জরিপে কৈলাসটিলাতেই তেলের বেশি মজুদ চিহ্নিত হয়েছে। তাই বেশি সম্ভাবনাময় হিসেবে ওই ক্ষেত্রটিই আগে উন্নয়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে।বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপে কৈলাসটিলায় ভূপৃষ্ঠের তিন হাজার ২০০ মিটার থেকে চার হাজার মিটার গভীরতার মধ্যে পাঁচটি স্তরে মোট ১০ কোটি ৯০ লাখ ব্যারেল তেলের মজুদ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে চার কোটি ৪০ লাখ ব্যারেল (মজুদের ৪০ শতাংশ হিসেবে) উত্তোলনযোগ্য।