বাপেক্সকে স্বাধীনতাপদক দেওয়ার সুপারিশ
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানিকে (বাপেক্স) আগামী বছর স্বাধীনতাপদক দেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সীমিত সম্পদ এবং জনবল সত্ত্বেও বাপেক্স দেশের খনিজ সম্পদ আবিষ্কার ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় কমিটি এই সুপারিশ করেছে।আজ মঙ্গলবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল প্রথম আলোকে বলেন, হাজারো সমস্যার মধ্যেও বাপেক্স দেশের খনিজ সম্পদ উত্তোলনে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে। প্রতিষ্ঠানটির জনবল ও সম্পদের সীমাবদ্ধতা আছে। তার পরও তারা যা করছে, সে জন্য তাদের স্বাধীনতাপদক দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন মঈন উদ্দীন খান। কমিটির অন্য সদস্যরা প্রস্তাবটি গ্রহণ করেন। বৈঠকে বিদেশে কর্মরত দেশীয় জ্বালানি বিশেষজ্ঞদের সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে এনে বাপেক্সকে শক্তিশালী করার সুপারিশ করা হয়। এ ছাড়া বাপেক্সকে শক্তিশালী করতে কী পদক্ষেপ নেওয়া যায়, সে সম্পর্কে একটি প্রতিবেদন কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।বৈঠকে দেশের জ্বালানি তেলের সরবরাহ চট্টগ্রামের পতেঙ্গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে সূত্র জানায়। কমিটির মতে, পতেঙ্গা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। তাই এটি অন্যত্র সরিয়ে নেওয়া উচিত।কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, বীরেন শিকদার, মঈন উদ্দীন খান, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ উপস্থিত ছিলেন।