বাপ্পা, অর্ণব, বালাম ও হাবিবের ‘নারী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বাজারে আসছে বাপ্পা, অর্ণব, বালাম ও হাবিবের অ্যালবাম ‘নারী’। নারী দিবসকে সামনে রেখে ব্র্যাক প্রকাশ করতে যাচ্ছে বিভিন্ন শিল্পীদের নিয়ে মিশ্র অ্যালবাম নারী। জানা গেছে, এটি ব্র্যাক কিশোর-কিশোরী কর্মসূচির একটি উদ্যোগ। অ্যালবামটিতে গান রয়েছে আটটি। এর মধ্যে রয়েছে একটি রবীন্দ্রসংগীত (নিশি পবন) ও একটি নজরুলসংগীত (আমাদের খেপিয়ে বেড়ায় যে)। অন্য গানগুলো মৌলিক। রবীন্দ্রসংগীতটির সংগীত সমন্বয় করেছেন অর্ণব। আর নজরুলসংগীতটির সমন্বয় করেছেন লাবিক কামাল। অ্যালবামের সবগুলো গানই করা হয়েছে নারীদের নিয়ে। নারী অ্যালবামটির একটি করে গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার, বালাম ও হাবিব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, বালাম ও কণা।অ্যালবামটির জন্য আরও গান তৈরি করেছেন পিএনএফ ব্যান্ডের পলাশ, পলবাশা, লাবিক, সোহিনী আলম এবং এটিএন বাংলায় প্রচারিত সুবিধাবঞ্চিত কিশোরীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেঘে ঢাকা তারা’র নির্বাচিত কিশোরী নীলা, বেবী, শিমু, সাথী, কণিকা ও ফরিদ।‘রিভাইব’ শিরোনামের ইংরেজি গানটিতে কথা ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর-সংগীতও করেছেন পলবাশা। অ্যালবামের অন্য গানগুলোর শিরোনাম ‘সাধারণ মেয়ে’, ‘নারী তুমি’, ‘অক্সিজেন’, ‘নিশি পবন’, ‘আমাদের খেপিয়ে বেড়ায় যে’, ‘লীলা’ ও ‘নারী’।অ্যালবামের টাইটেল গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। দুটি গানের কথা লিখেছেন চিরকুট ব্যান্ডের প্রধান ভোকাল সুমী। এ ছাড়া অন্য গানগুলোর কথা লিখেছেন শাহান কবন্ধ, পলবাশা ও লাবিক কামাল।অডিও সিডি আকারে নারী অ্যালবামটি বাজারজাত করছে ডেডলাইন মিউজিক। জানা গেছে, ৮ মার্চ বিকেলে বেইলি রোডের একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে।