সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হয়ে গেল। অনেক পুরোনো এবং অভিজ্ঞ সংগঠকদের সঙ্গে এবার বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান সংগঠককে ফুটবলের কর্তাব্যক্তির আসনে পাওয়া গেল। নতুন কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন কমিটির সামনে কঠিন চ্যালেঞ্জ। নব্বইয়ের দশকের শেষ ভাগে বাংলাদেশের ফুটবলে অবনমনের যে ধারা শুরু, তা এখনো চলছে। যদিও ফুটবল গ্রেট কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বিগত কমিটি ফুটবলের উন্নয়নে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। যেমন, নিয়মিত পেশাদার লিগ আয়োজন, দেরিতে হলেও পেশাদার লিগের দ্বিতীয় স্তর চালু, সুপার কাপ আয়োজন। দেশের স্থবির ফুটবলে গতি আনার জন্য লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলকে ঢাকায় নিয়ে আসা এবং ফুটবলে বেশ কিছু পৃষ্ঠপোষক নিয়ে আসতে পারাটাও বিগত কমিটির সাফল্যের খাতায় যোগ হবে। কিন্তু তাদের ব্যর্থতাও কারও নজর এড়ায়নি। ঘরোয়া ফুটবলের দুর্বল অবকাঠামো, জেলায় জেলায় ফুটবলে স্থবিরতা, পাতানো ম্যাচ রোধ করতে না পারা, ফুটবলের বর্ষপঞ্জি তৈরি করতে না পারা—বিগত কমিটির ব্যর্থতা। জাতীয় দল নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা না থাকাটাও তাদের ব্যর্থতা। পরিকল্পনা ছিল না বলেই আন্তর্জাতিক পর্যায়ে আমরা আশানুরূপ সাফল্য অর্জন করতে পারিনি।নির্বাচিত নতুন কমিটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা অনেক। আমরা আশা করি, তাদের সব নির্বাচনী প্রতিশ্রুতি তারা পূরণ করবে। দক্ষ ও পরিকল্পিত নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে আমাদের ফুটবল। উঠে আসবে নতুন নতুন ফুটবলার। মাঠবিমুখ দর্শক ফিরে আসবে মাঠে। গণমানুষের প্রাণের খেলা ফুটবল আবার জেগে উঠবে। আন্তর্জাতিক ফুটবলেও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারব আমরা।খাজা সায়েদ রাজুনয়াবাজার, ঢাকাপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।