বাবর, নিজামীসহ ১১ নতুন আসামি
বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ১১ জনকে অভিযুক্ত করে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে।তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের মহানগর হাকিম মুনতাসির আহমদের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দুটি মামলা হয়। একটি অস্ত্র আইনে, অপরটি চোরাচালান মামলা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে সাড়ে তিন বছরের অধিকতর তদন্ত শেষে সিআইডি গতকাল উভয় মামলায় ১১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে।সম্পূরক অভিযোগপত্রে ১১ জনসহ এখন ১০ ট্রাক অস্ত্র মামলার মোট আসামি হলো অস্ত্র মামলায় ৫০ ও চোরাচালান মামলায় ৫২ জন।২০০৪ সালের ২ এপ্রিল ভোরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়।অস্ত্র উলফার, এসেছে চীন থেকে: আদালত ও সিআইডি সূত্র জানায়, সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) জন্য এসব অস্ত্র-গোলাবারুদ আনা হয়। চীনের সমরাস্ত্র কারখানা নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশন (নরিনকো) থেকে অস্ত্রগুলো সংগ্রহ করা হয়। বাংলাদেশের এনএসআই ও ডিজিএফআইয়ের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অস্ত্র সংগ্রহের ব্যবস্থা করেন।নতুন ১১ আসামি: লুৎফুজ্জামান বাবর ও মতিউর রহমান নিজামী ছাড়া নতুন আসামিরা হলেন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও পরে এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহমদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নুরুল আমিন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসীনউদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক কে এম এনামুল হক।এঁদের মধ্যে পরেশ বড়ুয়া ও সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন পলাতক। অন্যরা কারাবন্দী।সিআইডি জানিয়েছে, পরেশ বড়ুয়াকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে।জোট আমলের আসামিরা: সিআইডি সূত্র জানায়, বিগত জোট সরকারের আমলে দায়সারাভাবে দাখিল করা অভিযোগপত্রে অস্ত্র মামলায় ৪৩ এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি দেখানো হয়। তাঁদের মধ্যে মনির আহমদ, ইয়াকুব আলী, আতাউর রহমান ও আবুল কাশেম ওরফে মধু পরে মারা যান। এখন পুরোনো আসামিদের মধ্যে অস্ত্র মামলায় ৩৯ ও চোরাচালান মামলায় ৪১ জন জীবিত আছেন। তাঁদের মধ্যে স্থানীয়ভাবে চোরাচালানি হিসেবে পরিচিত হাফিজুর রহমান ও দিন মোহাম্মদ ছাড়া অন্যদের বেশির ভাগ মালামাল ওঠানো-নামানোকারী শ্রমিক বা ট্রাকশ্রমিক।আগের দেওয়া অভিযোগপত্রে সাক্ষী ছিলেন ১০২ জন। সম্পূরক অভিযোগপত্রের পর উভয় মামলায় সাক্ষীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জন।অস্ত্র বহনকারী জলযান শনাক্ত হয়নি: এই বিপুল অস্ত্র চীন থেকে কোন জলযানের মাধ্যমে বাংলাদেশের সমুদ্রসীমায় আনা হয়েছে, তা তদন্তে বের করতে পারেনি সিআইডি।সিআইডির একটি সূত্র জানায়, এত দিন পর কোন জাহাজে অস্ত্র এসেছে, তা বের করা কঠিন। আসামি হাফিজ জিজ্ঞাসাবাদে বলেছেন, রাতের বেলায় বঙ্গোপসাগরে অস্ত্র খালাস করা হয়। তখন ওই জাহাজের নাম কালো কাপড় দিয়ে ঢাকা ছিল।তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, ২০০৭ সালের নভেম্বরে আদালত সাতটি পর্যবেক্ষণসহ অধিকতর তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, ‘আদালতের সাত নির্দেশনার মধ্যে শুধু কোন জাহাজে করে বিশাল চালানের অস্ত্র সেন্ট মার্টিন দ্বীপের অদূরে আনা হয়, তা বের করতে পারিনি। বাকি ছয়টি নির্দেশনা আমরা নিখুঁতভাবে উদ্ঘাটন করেছি।’উলফার মাত্র একজন আসামি: বিশাল এই অস্ত্রের চালান আনার সঙ্গে জড়িত উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়াকে এই মামলায় আসামি করা হয়েছে। কিন্তু এই ঘটনায় জড়িত উলফার আর কারও নাম তদন্তে উদ্ঘাটন করা যায়নি। ঘটনাস্থল থেকে উলফার যে পাঁচজন সদস্যকে ধরে আবার ছেড়ে দেওয়া হয়, তাঁদেরও নাম-পরিচয় বের করতে পারেনি সিআইডি।জামায়াতের বিক্ষোভ: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামি করার প্রতিবাদে দলটি গতকাল ঢাকায় বিক্ষোভ মিছিল করে। সন্ধ্যায় কাকরাইল মোড় থেকে মিছিলটি বের হয়ে শান্তিনগর মোড়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিজামীকে এই মামলায় আসামি করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে।