বাবর আসামি হচ্ছেন, সন্দেহে তারেক
২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরও আসামি হচ্ছেন। মামলার অধিকতর তদন্তে এ ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। বাবরের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়ার পর এ ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।সূত্র জানায়, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিচালিত ওই ভয়াবহ হামলার পরিকল্পনার সঙ্গে তারেক রহমান বা তত্কালীন সরকারের আর কেউ যুক্ত ছিলেন কি না, সে ব্যাপারে বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।অধিকতর তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারীদের সহায়তার অভিযোগে জোট সরকারের আমলে দায়িত্বশীল একাধিক গোয়েন্দা কর্মকর্তাকে এ মামলায় আসামি করা হতে পারে। এমন কয়েকজনের ব্যাপারে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, তদন্তে যাঁদের নাম আসবে এবং সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাবে, তাঁদের সবাই আসামি হবেন। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের লোকজনের এই গ্রেনেড হামলায় জড়িত থাকা স্বাভাবিক। তাঁরা তদন্তকালে অপরাধের উত্স ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।সিআইডির একটি সূত্র জানায়, অধিকতর তদন্ত শুরুর পর লুত্ফুজ্জামান বাবর ছাড়াও বিএনপির মহানগর শাখার নেতা ও ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির (আইডিপি) নেতা মাওলানা আবদুস সালাম এবং পাকিস্তানি জঙ্গি আবু ইউসুফ ভাট ওরফে মাজেদ ভাটকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মাওলানা সালাম ও মাজেদ ভাট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এই চারজনকে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হবে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।তাঁদের মধ্যে মাজেদ ভাট পাকিস্তানের ইসলামাবাদের তেহিশীল থানার তেরিগায়ের মৃত আবদুর রহমানের ছেলে। গত বছরের ১৭ নভেম্বর আদালতে দেওয়া সিআইডির এক প্রতিবেদনে বলা হয়, মাওলানা আবদুস সালামের দেওয়া তথ্যের ভিত্তিতে মাজেদ ভাটকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মাজেদ আজাদ কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সশস্ত্র সদস্য। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের সহযোগিতায় ঢাকায় আসেন তিনি। তাজউদ্দিনের সহযোগিতায় বাংলাদেশে অবস্থান করে জঙ্গি তত্পরতা চালান তিনি।একই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ আদালতকে বলেন, মাজেদ সিআইডির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি বিএনপির সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিনের সহযোগিতায় পরিচয় গোপন করে এ দেশের জঙ্গিদের কাছে গ্রেনেড ও অস্ত্র সরবরাহ করেন।এর আগে জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলায় ২০০৮ সালের ১১ জুন আদালতে দেওয়া অভিযোগপত্রে তাঁকে আসামি করা হয়েছে। জঙ্গি নেতা মুফতি হান্নান আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে উপমন্ত্রী পিন্টুর ধানমন্ডির সরকারি বাসায় তাঁরা বৈঠক করেছেন আর পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন হামলার জন্য আর্জেস গ্রেনেড সরবরাহ করেছিলেন। তাজউদ্দিন এখনো পলাতক।২১ আগস্ট গ্রেনেড হামলার মদদদাতা হিসেবে সাবেক প্রতিমন্ত্রী বাবর ও পিন্টু ছাড়া বিএনপি-জামায়াত জোট সরকারের আর কারও সংশ্লিষ্টতা তদন্তে পাওয়া গেছে কি না—এ প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেছেন, ‘আরও নাম আছে। এ বিষয়ে এখন কিছু বলব না। তবে যাদের নাম আসছে, খতিয়ে দেখা হচ্ছে। ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে রাজনীতিবিদ, আমলা ও বিভিন্ন ইউনিটের ২৫-৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’গোয়েন্দা-সহায়তায় পালিয়ে যান তাজউদ্দিন, তিন সাবেক কর্মকর্তার স্বীকারোক্তি: মামলার তদন্ত ও আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত জঙ্গিদের নানাভাবে সহযোগিতা করেছেন একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা। তাঁরা বিগত জোট সরকারের শেষ দিকে ভিন্ন নামে পাসপোর্ট তৈরি করে দিয়ে তাজউদ্দিনকে বিদেশে যেতে সহায়তা করেছেন। এ ব্যাপারে তিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। তাঁরা হচ্ছেন মেজর সৈয়দ মনিরুল ইসলাম, লে. কর্নেল আফজাল নাছির ভূঁইয়া ও নৌবাহিনীর লে. কমান্ডার মিজানুর রহমান। প্রথম দুজন গত বছরের নভেম্বরে চাকরিচ্যুত হন।গত বছরের ২৭ ডিসেম্বর আদালতে তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে বলা হয়, এই মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনের বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার একাংশের সহায়তার ব্যাপারে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।সিআইডি সূত্র জানায়, ওই গোয়েন্দা সংস্থার জঙ্গি দমনসংক্রান্ত শাখার তত্কালীন এক কর্মকর্তা সিআইডির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা তাজউদ্দিনের জন্য মোহাম্মদ বাদল নামে রাজশাহীর ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি এবং বিদেশে যেতে সহায়তা করেন। তাজউদ্দিন ২০০৬ সালের অক্টোবরে ঢাকা থেকে পাকিস্তানে যান। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা গত ৩ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিমের আদালতে এ বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই তিনজন গ্রেনেড হামলার পর জড়িত জঙ্গিদের নানাভাবে সহযোগিতার ক্ষেত্রে ওই সংস্থাটির কিছু কর্মকর্তার ভূমিকা সম্পর্কে তথ্য দিয়েছেন। এর মধ্যে গত বছরের নভেম্বরে চাকরিচ্যুত লে. কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার সম্পর্কে কিছু তথ্য বেরিয়ে আসে। এই কর্মকর্তা পলাতক রয়েছেন। সিআইডির কাছে তথ্য রয়েছে, তিনি চাকরিচ্যুতির পরদিন সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন।এ ছাড়া ডিজিএফআইয়ের তত্কালীন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাদেক হাসান রুমিকেও সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সিআইডির জিজ্ঞাসাবাদে সাদেক হাসান জানিয়েছেন, চারদলীয় জোট সরকারের আমলেই মুফতি হান্নান রিমান্ডে গ্রেনেড হামলার কথা স্বীকার করে বিস্তারিত তথ্য দিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাটির প্রধান হিসেবে তখন তিনি বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে অবহিত করার চেষ্টা করেন। কিন্তু তত্কালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে তাঁকে বলা হয়েছিল, মামলার আসামিরা শনাক্ত হয়ে গেছে, আদালতে জবানবন্দি দিয়েছে (জজ মিয়া), তদন্ত শেষ পর্যায়ে, এখন এসব কী নতুন কথা তোলা হচ্ছে! সাদেক হাসান বলেছেন, ওই পরিস্থিতিতে তিনি আর বিষয়টি নিয়ে এগোতে পারেননি।গোয়েন্দা কর্মকর্তারা আসামি, না সাক্ষী?: সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আদালতে জবানবন্দি দেওয়া সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের গ্রেনেড হামলাকারীদের সহযোগী হিসেবে আসামি, নাকি সাক্ষী করা হবে, সেটা এখনো ঠিক করা হয়নি। তাঁরাসহ জিজ্ঞাসাবাদের আওতায় আনা অন্য সাবেক কর্মকর্তাদের বক্তব্য যাচাই-বাছাই এবং আরও তথ্যপ্রমাণ পাওয়ার পর তা ঠিক করা হবে। তবে সাইফুল ইসলাম জোয়ার্দারকে আসামি করা হতে পারে। এ ব্যাপারে আইনি দিকগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-১-এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ সাক্ষী’ হিসেবে লে. কমান্ডার মিজানুর রহমান ও লে. কর্নেল মো. আফজাল নাছির ভূঁইয়ার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমানও প্রথম আলোকে বলেছেন, লে. কর্নেল আফজাল নাছির ভূঁইয়া ও লে. কমান্ডার মিজানুর রহমান সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। অপর জবানবন্দিদাতা সৈয়দ মনিরুল ইসলাম ও পলাতক সাইফুল ইসলাম জোয়ার্দারের বিষয়ে সৈয়দ রেজাউর রহমান কিছু বলেননি।অবশ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, গোয়েন্দা সংস্থার যেসব কর্মকর্তা গ্রেনেড সরবরাহকারী তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিচারের আওতায় আনা হবে।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আইভী রহমানসহ দলের ২২ নেতা-কর্মী নিহত এবং শেখ হাসিনাসহ কয়েক শ আহত হন।অথচ বিগত জোট সরকার সুপরিকল্পিতভাবে এই মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল। ‘জজ মিয়া’ গল্প উপস্থাপন, পলাতক একাধিক শীর্ষ সন্ত্রাসীর নাম যুক্ত করা, শৈবাল সাহা পার্থ নামের এক নিরীহ যুবককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ইঙ্গিত করে নানা বিভ্রান্তি ছড়ানো হয়।প্রথম আলোর অনুসন্ধানেই প্রথম ‘জজ মিয়া গল্প’ ফাঁস হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। শুরু থেকেই এর বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে প্রকৃত সত্য উন্মোচনের চেষ্টা করে প্রথম আলো। ২০০৫ সালের ২৯ জুন আষাঢ়ের গল্পের কার্টুনসহ ‘জীবনে কোনো গ্রেনেড দেখেননি, থানায় কোনো মামলা নেই/সেই জজ মিয়া “তারকা সন্ত্রাসী”!’ এবং ‘এ গল্পের গাঁথুনি দুর্বল/স্বীকারোক্তিতে সাত অসংগতি’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে তদন্তের নামে প্রহসনের চিত্র তুলে ধরা হয়। আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনার মোখলেছুর রহমানকে ফাঁসানোর চেষ্টা ও পার্থ সাহাকে নির্যাতন, জজ মিয়ার পরিবারকে মাসে মাসে খরচের টাকা দিয়ে সাজানো জবানবন্দি আদায়ের বিষয়ে বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রথম আলোয় খবর প্রকাশ করা হয়।তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর চাঞ্চল্যকর এ মামলার তদন্ত নতুন মোড় নেয়। ২০০৭ সালের ৩১ জুলাই সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবিরকে নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে সিআইডির একটি দল দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ১১ জুন ২১ আগস্ট-সংক্রান্ত দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। তাতে হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৩ আগস্ট মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।