বাবর ও রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফজ্জামান বাবার ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এ মামলার তদন্তকারী সংস্থা সিআইডির দুটি দল আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে তাঁদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে ।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, সিআইডি পুলিশের পৃথক দুটি দল আলাদা মাইক্রোবাসে করে তাঁদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।সিআইডি সূত্র জানিয়েছে, ঢাকার মালিবাগের সিআইডি কার্যালয়ে ১০ ট্রাক অস্ত্র মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পৃথক দুটি শুনানিতে লুত্ফজ্জামান বাবর ও আবদুর রহিমের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়। উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে ১০ ট্রাকবোঝাই বিভিন্ন ধরনের অস্ত্র আটক করা হয়। ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে সাক্ষীদের বক্তব্য থেকে জানা যায়।