সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গতকাল শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আগামী সোমবার তাঁকে চট্টগ্রামের মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একই দিন আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত সূত্র জানায়, সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত দুটি মামলায় বাবরকে গ্রেপ্তার দেখাতে ৩ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী আদেশ দেন। ওই দিনই তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। আদালত ১৩ অক্টোবর বাবরের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। কিন্তু হাইকোর্টের একটি আদেশের কারণে ওই দিন তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়নি। পরে হাইকোর্টের ওই আদেশ আপিল বিভাগ স্থগিত করায় বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করতে গতকাল ঢাকা থেকে চট্টগ্রামের কারাগারে আনা হয় বলে জানা গেছে।চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. আলতাব হোসেন প্রথম আলোকে বলেন, বাবরকে পুলিশের পাহারায় ঢাকা থেকে সড়কপথে গতকাল সন্ধ্যা সাতটা ২০ মিনিটে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে ১ নভেম্বর মহানগর হাকিম আদালতে হাজির করা হবে।প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে ইতিমধ্যে সিআইডির তদন্তে বেরিয়ে আসে। এ ক্ষেত্রে তৎকালীন কিছু গোয়েন্দা কর্মকর্তার পাশাপাশি বাবরেরও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।২০০৭ সালে এ-সংক্রান্ত মামলা দুটির অধিকতর তদন্ত শুরুর পর এ পর্যন্ত সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, এনএসআইয়ের তৎকালীন পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে এই মামলায় গ্রেপ্তার করা হয়। তার আগে থেকে গ্রেপ্তার আছেন চোরাচালানি হাফিজুর রহমান। সর্বশেষ বাবরকে গ্রেপ্তার দেখানো হলো। ইতিমধ্যে কয়েকজন সাবেক গোয়েন্দা পুলিশ ও সরকারি কর্মকর্তা এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।