২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে নতুন আসামি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ ব্যক্তিকে।আসামিদের মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকসহ ১৮ জনের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডি গতকাল রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২১ আগস্টের ঘটনায় দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। সম্পূরক অভিযোগপত্রে আরও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও একান্ত সচিব সাইফুল ইসলাম ওরফে ডিউক এবং বিএনপির নেতা ও ঢাকার ওয়ার্ড কমিশনার মো. আরিফুল ইসলাম।এ ছাড়া জোট সরকারের সময়ের শীর্ষপর্যায়ের চারজন গোয়েন্দা কর্মকর্তা ও আট পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে ১০ জন জঙ্গি সংগঠনের নেতা-কর্মী ও একজন পরিবহনমালিক।নতুন ৩০ আসামিসহ এ মামলায় মোট আসামির সংখ্যা হলো ৫২ জন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ জুন এ-সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র দেয় সিআইডি। এতে বিএনপির উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ৩ আগস্ট ২১ আগস্ট মামলার অধিকতর তদন্তের আদেশ দেন আদালত। প্রায় দুই বছর অধিকতর তদন্ত শেষে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ গতকাল আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন।নতুন ৩০ আসামি: সম্পূরক অভিযোগপত্রের ক্রম অনুযায়ী আসামিরা হলেন: লুৎফুজ্জামান বাবর, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, তারেক জিয়া (অভিযোগপত্রে এভাবেই লেখা রয়েছে), হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. হানিফ, আরিফুল ইসলাম, মাওলানা শেখ আবদুস সালাম, মো. ইউসুফ বাট ওরফে মজিদ বাট, আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, মুফতি আবদুর রউফ ওরফে আবু ওমর, মাওলানা সাব্বির আহমেদ ওরফে আবদুল হান্নান, মাওলানা শেখ ফরিদ, হাফেজ ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, বাবু ওরফে রাতুল বাবু, ঘটনার সময় মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান, উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা ও শহুদুল হক, জোট সরকার আমলের তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আবদুর রশিদ, মুন্সি আতিক ও তদন্ত তদারক কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রহুল আমিন, তৎকালীন অতিরিক্ত আইজিপি (সিআইডি) খোদা বক্স চৌধুরী, লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, লে. কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দার ও মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন।আসামিদের পরিচয়: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় রেজ্জাকুল হায়দার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক, আবদুর রহিম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক এ টি এম আমিন পরে ডিজিএফআইয়ের পরিচালক হন। সাইফুল ইসলাম জোয়ার্দার জোট সরকারের আমল থেকে তত্ত্বাবধায়ক সরকারের পুরো সময় ডিজিএফআইয়ের জঙ্গি দমন শাখায় কর্মরত ছিলেন। তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন বলে সিআইডির কাছে তথ্য রয়েছে।আর শেখ আবদুস সালাম, হাফেজ ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, শেখ ফরিদ, মুফতি রউফ ও সাব্বির হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষস্থানীয় নেতা। মাজেদ বাট পাকিস্তানি নাগরিক, তিনি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য, আবদুল মালেক লস্কর-ই-তাইয়েবার সদস্য। রাতুল বাবু সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই ও মো. হানিফ হলেন হানিফ পরিবহনের মালিক।গ্রেপ্তারি পরোয়ানা: আসামিদের মধ্যে ১২ জন এখন কারাবন্দী। বাকি ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁরা হলেন তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদ, এ টি এম আমিন, সাইফুল ইসলাম জোয়ার্দার, ওবায়দুর রহমান, খান সাঈদ হাসান, আশরাফুল হুদা, শহুদুল হক, আবদুর রশিদ, মুন্সী আতিকুর রহমান, রুহুল আমিন, খোদা বখস চৌধুরী, সাইফুল ইসলাম ডিউক, মো. হানিফ, মুফতি শফিকুর রহমান, আবদুল হাই ও রাতুল বাবু। গতকাল সন্ধ্যায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।তারেক রহমান ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। এখন তিনি যুক্তরাজ্যে আছেন।এ ছাড়া বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার বিচার নিষ্পত্তির জন্য সম্পূরক অভিযোগপত্র মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক। গোয়েন্দা-সহায়তায় পালিয়েছেন তাজউদ্দিন: সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত জঙ্গিদের নানাভাবে সহযোগিতার অভিযোগে সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের আসামি করা হয়েছে। গোয়েন্দারা তাজউদ্দিনের জন্য ‘মোহাম্মদ বাদল’ নামে রাজশাহীর ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি এবং বিদেশে যেতে সহায়তা করেন। তাজউদ্দিন ২০০৬ সালের অক্টোবরে ঢাকা থেকে পাকিস্তানে চলে যান। এ বিষয়ে সাবেক তিন গোয়েন্দা কর্মকর্তা মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মনিরুল ইসলাম, লে. কর্নেল (চাকরিচ্যুত) আফজাল নাছির ভূঁইয়া, নৌবাহিনীর লে. কমান্ডার মিজানুর রহমান আদালতে জবানবন্দি দিয়েছেন। একইভাবে ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি, র্যাবের তৎকালীন কর্মকর্তা ও বর্তমানে দিনাজপুরের খোলাহাটি সেনানিবাসে কর্মরত মেজর আতিকুর রহমান সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।তদন্তকারী কর্মকর্তার বক্তব্য: তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ গতকাল প্রথম আলোর বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় হামলার ঘটনার সঙ্গে চারদলীয় জোট সরকারের সর্বোচ্চ মহলের হাত ছিল। তদন্তে তা প্রমাণিত হয়েছে। তা ছাড়া কিছু ব্যক্তির স্বার্থ রক্ষা করতে গিয়ে মামলাটি ভিন্ন খাতে নেওয়া হয়।কাহার আকন্দ বলেন, জোট সরকারের আমলেই মুফতি হান্নান গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর তিনি শেখ হাসিনার জনসভায় হামলার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারও করেন। কিন্তু তৎকালীন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা সে বক্তব্য এড়িয়ে যান। তদন্তের প্রথম থেকেই পরিকল্পিতভাবে এটা করা হয়েছিল। তাজউদ্দিনের নাম উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন দায়িত্বশীল ব্যক্তিরা রীতিমতো পাহারা দিয়ে মামলার গুরুত্বপূর্ণ আসামি তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন। তাজউদ্দিনের পালিয়ে যাওয়ার বিষয়টি অনেকেই জানতেন। এ কারণে মামলায় ওইসব ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। কাহার আকন্দ বলেন, শেখ হাসিনা হত্যা চেষ্টার সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর অনেক মানুষের হাত ছিল। এসব তথ্য উদ্ঘাটন করা ছিল বেশ জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। এ কারণে সম্পূরক তদন্ত করতে দুই বছর সময় লেগেছে।তারেক সম্পর্কে প্রধান কৌঁসুলির বক্তব্য: সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করার কারণ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, হাওয়া ভবনে জঙ্গি নেতাদের সঙ্গে বৈঠক করে তারেক রহমান ও বাবর গ্রেনেড হামলার পরিকল্পনা এবং হামলার আগে ও পরে জঙ্গিদের প্রশাসনিক সহযোগিতা করেছেন। অধিকতর তদন্তে এ ব্যাপারে সিআইডি সাক্ষ্য-প্রমাণ পেয়েছে। হাওয়া ভবন এই গ্রেনেড হামলার সাংকেতিক নাম (কোড) ব্যবহার করতেন। সেটা হলো ‘শেখ হাসিনাকে হালকা নাশতা করাবে।’রেজাউর রহমান বলেন, আগের অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উৎস, মজুদ, সরবরাহকারী, পরিকল্পনাকারীদের নাম স্পষ্টভাবে উল্লেখ ছিল না। অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে আর্জেস গ্রেনেড পাকিস্তান থেকে আনা হয়েছে। তা পাকিস্তানি নাগরিক মজিদ বাটের মাধ্যমে সংগ্রহ করে সাবেক মন্ত্রী আবদুস সালম পিন্টু ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন হামলাকারীদের মধ্যে বিতরণ করেছেন। তিনি দাবি করেন, হয়রানি করার জন্য কাউকে আসামি করা হয়নি। সিআইডির তদন্তে যাঁদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ মিলেছে, তাঁদেরই আসামি করা হয়েছে।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।