অবশেষে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গতকাল সোমবার আদালতে জমা দিয়েছে সিআইডি।অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গিসংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে নতুন করে আসামি করা হয়েছে। সিআইডি সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অভিযোগপত্রভুক্ত ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে সম্পূরক অভিযোগপত্রে তাঁদের আসামি রাখতে হয়েছে। তাঁদের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন। তাঁরা সবাই উচ্চ আদালতের আদেশে জামিনে আছেন।এর আগে গত ২৫ মে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার কথা ছিল। এ জন্য ওই দিন অভিযোগপত্র হবিগঞ্জের আদালতে নেওয়াও হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বাতিল করা হয়।হবিগঞ্জের আদালত পরিদর্শক এম এ বাছেত জানান, তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রফিকুল ইসলাম গতকাল সকাল ১০টায় হবিগঞ্জের আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক রাজীব কুমার বিশ্বাসের কাছে সম্পূরক অভিযোগপত্র জমা দেন। এই সম্পূরক অভিযোগপত্রের বিষয়ে শাহ কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, এই অভিযোগপত্র প্রহসনমূলক। এতে কিবরিয়া হত্যার নেপথ্যের ব্যক্তিদের নাম আসেনি। এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘কিবরিয়ার পরিবার না জেনে, না বুঝেই এই অভিযোগপত্রের বিরোধিতা করছেন। আমি নিষ্ঠার সঙ্গে তদন্ত করেছি। তা ছাড়া কিবরিয়া সাহেবের পরিবারের কাছে কোনো তথ্য থাকলে আমাদের কাছে জানাতে পারতেন। কিন্তু তাঁরা গত পাঁচ বছর এ বিষয়ে কোনো সহযোগিতা করেননি।’মামলার বাদী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাংসদ আবদুল মজিদ খান। তিনি বলেন, সম্পূরক অভিযোগপত্র দিতে বিলম্ব হয়েছে। তার পরও আশা করা যায়, এ সরকারের আমলেই দ্রুত মামলার বিচারকাজ সম্পন্ন হবে।আদালত সূত্র জানায়, হবিগঞ্জের আমলি আদালত থেকে সম্পূরক অভিযোগপত্র সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখানে অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ২৪ জুন তারিখ ধার্য রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, হুজির জঙ্গি ও বিএনপির নেতাদের যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জঙ্গিরা আওয়ামী লীগকে ইসলামবিরোধী মনে করে। তাই আওয়ামী লীগকে ধ্বংস করার অংশ হিসেবে কিবরিয়াকে হত্যা করা হয়। তদন্তকারী কর্মকর্তা এএসপি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ জেবুন্নেছা হক, আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ধারাবাহিকতায় কিবরিয়ার ওপরও হামলা হয়। এর নেতৃত্বে ছিলেন হুজির সিলেট বিভাগীয় নেতা শরীফ সাহেদুল আলম বিপুল। নতুন ১৪ আসামি: সিআইডি সূত্রে জানা যায়, প্রকৃত আসামিদের রক্ষায় মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টাসহ আরও কিছু অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আসামি করা হয়েছে। বাবরের বিরুদ্ধে আরও অভিযোগ হলো, কিবরিয়া হত্যা মামলাটি বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্ভুক্ত না করে মাওলানা তাজউদ্দিনকে দেশের বাইরে পাঠাতে সহায়তা করেন।এ ছাড়া আর্জেস গ্রেনেড সরবরাহকারী হিসেবে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আবু ইউসুফ ওরফে মাজেট ভাটকে আসামি করা হয়েছে। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও আসামি।বাকি আসামিরা হলেন, হুজির নেতা মুফতি হান্নান, তাঁর ভাই মহিবউল্লাহ ওরফে মফিজুর রহমান, নড়াইলের মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, সিলেটের ফেঞ্চুগঞ্জের শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল, সুনামগঞ্জের হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে নিমু, হবিগঞ্জের বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিজান ওরফে মিঠু, মোহাম্মদ আলী ও মো. বদরুল, কিশোরগঞ্জের মুফতি শফিকুর রহমান, কুমিল্লার মুফতি আবদুল হাই ও মাওলানা তাজউদ্দিন। শেষের পাঁচজন পলাতক।আসামিদের মধ্যে মাওলানা তাজউদ্দিন জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই। দুই ভাই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও আসামি।জোট আমলে তদন্ত ভিন্ন খাতে: বিগত জোট সরকারের আমলে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় শাহ কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন ৭০ জন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।ওই বছর ১৯ মার্চ হত্যা মামলা ও ২০ এপ্রিল বিস্ফোরক মামলার অভিযোগপত্র দেওয়া হয়। উভয় অভিযোগপত্রে ১০ জনকে আসামি করা হয়। তাঁরা হলেন, বিএনপির হবিগঞ্জ জেলা কমিটির তৎকালীন সহসভাপতি আবদুল কাইউম, ব্র্যাক ব্যাংকের স্থানীয় কর্মকর্তা আয়াত আলী, সাইনবোর্ড লেখক কাজল মিয়া, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক, এলএলবি শেষবর্ষের ছাত্র সেলিম আহমেদ, স্কুলশিক্ষক সাহেদ আলী, তাজুল ইসলাম, একই এলাকার জয়নাল আবেদীন জালাল, লস্কর ইউনিয়ন বিএনপির নেতা জমির আলী, ডাকপিয়ন জয়নাল আবেদীন মোমিন ও ছাত্রদলের কর্মী মহিবুর রহমান।অবশ্য মামলার বাদী ২০০৫ সালের ৩০ মে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেন।তত্ত্বাবধায়ক সরকার মামলাটির অধিকতর তদন্ত শুরু হয়। এরপর আদালতে হুজি নেতা মুফতি হান্নান ও সৈয়দ নাঈম আহমেদের দেওয়া জবানবন্দিতে বেরিয়ে আসে জঙ্গিরা এই হামলা চালিয়েছে। মূলত এরপরই তদন্তের গতি পায়।