বাবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম হোসাইন মুহাম্মদ ফজলুল বারী গতকাল রোববার বাবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ আইনে দুটি পৃথক মামলা হয়েছে। বাবরের বিরুদ্ধে ওই অস্ত্র আটকের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।আদালত ১৩ অক্টোবর বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করতে বলেছেন। ওই দিন অস্ত্র মামলায় তাঁর রিমান্ড শুনানি হওয়ার কথা। সিআইডি এই মামলায় তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ারও আবেদন করেছে। গতকাল শুনানিতে অংশ নেন মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ এবং চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী। নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ১৩ অক্টোবর বাবর সাহেবকে আদালতে হাজির করতে মহানগর হাকিম নির্দেশ দিয়েছেন। ওই দিন তাঁর রিমান্ড শুনানি হবে।জানা গেছে, ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন সদস্য ছাড়াও চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সম্প্রতি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা অস্ত্র আটকের ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কতিপয় কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক তাঁদের বাধ্য করেন বলে জানান। উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য বাংলাদেশে দুটি গোয়েন্দ সংস্থার কয়েকজন কর্মকর্তা চীনের একটি কারখানা থেকে এই অস্ত্রগুলো সরবরাহে সহযোগিতা করেন বলে সিআইডির তদন্ত ও বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি।গতকাল বাবরের গ্রেপ্তার শুনানির সময় তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী চার পৃষ্ঠার একটি লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করেন। এতে বলা হয়, ‘অধিকতর তদন্ত কার্যক্রম পরিচালনাকালে আমি মামলার ঘটনা সম্পর্কে উল্লেখযোগ্যসংখ্যক গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকের জবানবন্দি নথিভুক্ত করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে সময় ঘটনাটি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে, যার মধ্যে বিশেষ শাখার সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শামসুল ইসলাম, সিআইডির সাবেক ডিআইজি ফররুখ আহম্মদ চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী ১৬৪ ধারায় জবানবন্দি দেন।’প্রতিবেদনে আরও বলা হয়, ‘তদন্তের প্রাথমিক পর্যায়ে ঘটনার সঙ্গে এনএসআইয়ের ফিল্ড অফিসার আকবর হোসেন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ হয়। অথচ তদন্ত কমিটির আহ্বায়ক সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক প্রতিবেদনে এনএসআইয়ের প্রসঙ্গটি উদ্দেশ্যমূলকভাবে বাদ দিয়ে প্রতিবেদন প্রস্তুত করেন।’ সিআইডির প্রতিবেদনে বলা হয়, ‘ঘটনার সঙ্গে এনএসআই জড়িত থাকার বিষয়টি তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত না করতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কমিটির আহ্বায়ক সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে আগেই বলেছিলেন। সাবেক প্রতিমন্ত্রীর এই নেতিবাচক নির্দেশের কারণে ওমর ফারুক এনএসআইয়ের জড়িত থাকার প্রসঙ্গটি বাদ দিয়ে এককভাবে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেন এবং অন্য সদস্যদের স্বাক্ষর নেন।’প্রতিবেদনে আরও বলা হয়, ‘ঘটনার সঙ্গে এনএসআইয়ের জড়িত থাকার বিষয়টি তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত না হওয়ায় শুরুতেই তদন্ত কার্যক্রম প্রবলভাবে বাধাপ্রাপ্ত হয়। ওই সময় মামলার তদন্ত কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত হয়। আগের তদন্ত কর্মকর্তারা যেনতেন প্রকারে তদন্ত কার্যক্রম শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম আদালতে চলাকালীন বিজ্ঞ বিচারক তদন্ত সঠিক পথে পরিচালিত হয়নি বলে মন্তব্য করেন এবং সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে অধিকতর তদন্তের নির্দেশ দেন।’প্রতিবেদনে আরও বলা হয়, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপের কারণেই তদন্ত প্রতিবেদনে প্রকৃত ঘটনা প্রকাশ পায়নি। তাঁর (বাবর) হস্তক্ষেপে তদন্ত বাধাপ্রাপ্ত হয়েছে। ওই সময় তাঁর (বাবর) আচরণ ও কার্যকলাপ রহস্যময় ও উদ্দেশ্যমূলক ছিল। তিনি বর্তমানে মতিঝিল (ডিএমপি, ঢাকা মহানগর পুলিশ) থানার মামলা নং ৯৭ তাং ২২/৮/২০০৪ ধারা ৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ দ.বি.; বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪/৬ ধারা এবং হবিগঞ্জ থানার মামলা নং ২৭ তাং ২৮/১/২০০৫, ধারা ৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ দ.বি.সহ আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। ১০ ট্রাক মামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততা অধিকতর তদন্তে প্রকাশ পেয়েছে বিধায় তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত আবশ্যক।’বিগত তত্ত্বাবধায়ক এবং বর্তমান সরকারের আমলে নতুন করে তদন্ত শুরু হলে বিশাল চালানের এই অস্ত্রের সঙ্গে প্রভাবশালী কয়েকজনের সম্পৃক্ততার তথ্য উদ্ঘাটিত হয়। এরপর ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, এনএসআইয়ের তৎকালীন পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে এই মামলায় গ্রেপ্তার করা হয়।