দশ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আজ রোববার ঢাকায় পাঠানো হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার উদ্দেশে পুলিশ নিয়ে যায়। চট্টগ্রামের জ্যেষ্ঠ জেল সুপার মো. আলতাব হোসেন আজ এ তথ্য জানান। এর আগে গত সোমবার এ মামলায় বাবরের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। বিএনপি-সমর্থিত আইনজীবীদের তুমুল হইচই আর হট্টগোলের মধ্যে শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন।উল্লেখ্য, গত ৩ অক্টোবর বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। এর আগে ১৩ অক্টোবর ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। অসুস্থতার কারণে তাঁকে তখন আদালতে হাজির করা যায়নি। বাবরের স্ত্রীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে দুই সপ্তাহ ঢাকার বাইরে না নেওয়ার আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও তা স্থগিত করা হয়। শুক্রবার বাবরকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এ মামলায় কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আদালতে জবানবন্দি দেন। তাঁরা ঘটনাটি ধামাচাপা দিতে বাবর ও সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে দায়ী করেন।