বাবরকে হাসপাতালে রাখতে হাইকোর্টের আদেশ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্থানান্তর না করা সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট বাবরের চিকিৎসার দিক বিবেচনা করে দুই সপ্তাহ হাসপাতাল থেকে স্থানান্তর না করার নির্দেশ দিয়েছিলেন। তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করার আদেশও দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। আদেশ বাতিল করায় এখন চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করে রিমান্ড শুনানিতে বাধা নেই।১২ অক্টোবর হাইকোর্ট বাবরকে দুই সপ্তাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্থানান্তর না করতে নির্দেশ দিয়েছিলেন। বাবরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা চেয়ে তাঁর পক্ষে ৭ অক্টোবর হাইকোর্টে আবেদন করা হয়। এরপর সম্পূরক আবেদন করে বলা হয়—বাবর অসুস্থ, তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অন্যত্র নেওয়া হলে তাঁর জীবন হুমকির মুখে পড়বে।