বাবরকে ২ মার্চ আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে আগামী ২ মার্চ কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একই দিন বাবরের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত।বাবর বর্তমানে কারাগারে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে এ আদেশ দেন।দুই কোটি ৫৬ লাখ টাকার আয়কর ফাঁকির মামলায় ১৪ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-করকমিশনার সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন। ওই দিন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ১৯৯৭ সালে মাস্টার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ১৯৯৯-২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন করবর্ষে আয়কর বিবরণীতে আট কোটি ছয় লাখ ৮০ হাজার টাকার তথ্য গোপন করেন। এ ছাড়া দুই কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন তিনি। মামলায় আরও অভিযোগ করা হয়, তিনি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আয়কর বিববরণীতে বিভিন্ন করবর্ষে তাঁর প্রকৃত আয়ের তথ্য গোপন করেছেন। আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে আয়কর ফাঁকি দিয়েছেন। বাবরের বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫, ১৬৬ ধারায় অভিযোগ আনে এনবিআর। মামলায় প্রাইম ব্যাংক লিমিটেডের গুলশান শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী মুজিবুল ইসলামসহ নয়জনকে সাক্ষী করা হয়েছে।