বাবরসহ পাঁচজনের অব্যাহতির আবেদনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরও পাঁচ আসামির করা আবেদনের ওপর শুনানি গতকাল রোববার শেষ হয়েছে। অপর চারজন হলেন: মাওলানা শেখ আবদুস সালাম, মুহিবুল্লাহ, ইয়াহিয়া ও আবদুল হান্নান সাব্বির।সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে শুনানি শুরু হয়। এ পাঁচজনের অব্যাহতির আবেদনের শুনানি শেষে বিচারক শাহেদ নূর উদ্দিন ১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।এ নিয়ে ১৫ আসামির করা অব্যাহতির আবেদনের মধ্যে নয়জনের পক্ষে শুনানি শেষ হলো। এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরী, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মাওলানা আবু তাহেরের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়।আইনজীবী টি এম আকবর গতকাল এ মামলা থেকে বাবরের অব্যাহতি চেয়ে আদালতে বলেন, বাবরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মামলার এজাহারে এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মুফতি আবদুল হান্নানের দেওয়া জবানবন্দিতে বাবর সম্পর্কে কোনো বক্তব্য নেই। অধিকতর তদন্তের মাধ্যমে বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করার অভিযোগ এনে তাঁকে জড়ানো হয়েছে।এ সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, এ মামলায় বাবরকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানো হয়নি।জঙ্গিনেতা মাওলানা সালামের পক্ষে আইনজীবী গোলাম মোহাম্মদ, মুহিবুল্লাহর পক্ষে শেখ মো. লুৎফর রহমান এবং ইয়াহিয়া ও সাব্বিরের পক্ষে আইনজীবী ছিলেন ইদি আমিন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এ মামলায় তারেক রহমানসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ করে ৯ অক্টোবর। আসামিপক্ষের শুনানি শুরু হয় ১৩ অক্টোবর।গতকাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে সহায়তা করেন আবদুল্লাহ আবু, আকরাম উদ্দিন প্রমুখ।