সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। অভিযোগপত্র গতকাল বুধবার হবিগঞ্জের আদালতে জমা দেওয়ার কথা ছিল। এ জন্য অভিযোগপত্র আদালতে নেওয়াও হয়েছিল, কিন্তু পরে সিদ্ধান্ত বাতিল করা হয়।নাম প্রকাশ না করার শর্তে আদালতের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, অভিযোগপত্র দাখিলের জন্য পাঠানো হলেও শেষ মুহূর্তে কিছু প্রিন্টিং মিসটেক (মুদ্রণজনিত ভুল) ধরা পড়ায় তা ফেরত নেওয়া হয়েছে।এর আগে বিকেল পাঁচটায় তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম একজন উপপরিদর্শককে সঙ্গে নিয়ে আদালতের সাধারণ নিবন্ধন শাখার পরিদর্শকের কাছে অভিযোগপত্র দিয়েছিলেন। তখন তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে লুৎফুজ্জামান বাবর ও হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে। তিনি বলেন, হুজির জঙ্গিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসামিদের মধ্যে নয়জন গ্রেপ্তার আছেন। বাকিরা পলাতক।অবশ্য কিছুক্ষণ পর একই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, অভিযোগপত্র জমা দেওয়া হয়নি।সরকারি কৌঁসুলি (পিপি) আকবর হোসেন প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গতকাল অভিযোগপত্র জমা দেওয়ার জন্য তাঁর সঙ্গে পরামর্শ করেছেন।সিআইডি সূত্রে জানা যায়, প্রকৃত আসামিদের রক্ষায় মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টাসহ আরও কিছু অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আসামি করা হচ্ছে। আসামিদের মধ্যে মাওলানা তাজউদ্দিন জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর আপন ভাই। এই দুই ভাই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও অভিযুক্ত আসামি। এ ছাড়া একজন কাশ্মীরি জঙ্গিকেও আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন: নড়াইলের মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, মুফতি হান্নানের ভাই মুহিব উল্লাহ ওরফে মফিজুর রহমান (গোপালগঞ্জ), সিলেটের ফেঞ্চুগঞ্জের শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল, সুনামগঞ্জের হাফেজ সৈয়দ নাঈম, আহমেদ আরিফ ওরফে নিমু, হবিগঞ্জের চৌধুরী বাজার এলাকার বদরুল আলম মিজান, বানিয়াচং উপজেলার সিকান্দরপুরের মিজানুর রহমান মিজান ওরফে মিঠু, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের আবু ইউসুফ ওরফে মাজেট ভাট, কিশোরগঞ্জের বাঁশবাড়ী গ্রামের মুফতি শফিকুর রহমান, কুমিল্লার নয়ানগর গ্রামের মুফতি আবদুল হাই, হবিগঞ্জের বানিয়াচংয়ের মোহাম্মদ আলী ও নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মো. বদরুল। শেষের পাঁচজন পলাতক।এ ছাড়া বিগত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি সিআইডি এই মামলায় যে ১০ জনকে আসামি করেছিল, তাঁদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি—প্রস্তুত করা সম্পূরক অভিযোগপত্রে এ কথা জানানো হয়েছে বলে সূত্র জানিয়েছে। তাঁরা হলেন বিএনপি হবিগঞ্জ জেলা কমিটির তৎকালীন সহসভাপতি আবদুল কাইউম, ব্র্যাক ব্যাংকের স্থানীয় কর্মকর্তা আয়াত আলী, সাইনবোর্ড লেখক কাজল মিয়া, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক, এলএলবি শেষ বর্ষের ছাত্র সেলিম আহমেদ, স্কুলশিক্ষক সাহেদ আলী, তাজুল ইসলাম, একই এলাকার জয়নাল আবেদীন জালাল, লস্কর ইউপির ইউনিয়ন বিএনপি নেতা জমির আলী, ডাকপিয়ন জয়নাল আবেদীন মোমিন ও ছাত্রদলের কর্মী মহিবুর রহমান। তাঁদের ব্যাপারে বলা হয়, তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হলেও আইনের বাধ্যবাধকতার কারণে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া যায়নি। তাঁরা বর্তমানে উচ্চ আদালতের আদেশে জামিনে আছেন।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় শাহ কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বর্তমানে সংসদ সদস্য) আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।