বাবরি মসজিদ ধ্বংসে আদভানির বিচারের পক্ষে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বাবরি মসজিদ ধ্বংসের মামলা থেকে বিজেপির নেতা এল কে আদভানির নাম প্রত্যাহারের বিপক্ষে মত দিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। কর সেবকসহ যেসব নেতার বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাঁদের সঙ্গে আদভানিকেও বিচারের মুখোমুখি দাঁড় করতে চায় সিবিআই। বাবরি মসজিদ ধ্বংস মামলা বিষয়ে সিবিআইয়ের সাম্প্রতিক এক হলফনামায় এসব কথা বলা হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়। ২০১০ সালে দেশটির হাইকোর্ট এক রায়ে এ মামলা থেকে আদভানিকে বাদ দেওয়ার নির্দেশ দেন। সিবিআই ওই রায়কে চ্যালেঞ্জ করে এই হলফনামা দিয়েছে।বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় দুটি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দেওয়া হয়। এর মধ্যে একটি এফআইআর মসজিদ ধ্বংসের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে অভিযুক্ত কর সেবকদের বিরুদ্ধে, অন্যটি উসকানিমূলক বক্তব্য ও মসজিদ ভাঙতে প্ররোচিত করার অভিযোগে আদভানিসহ অন্য নেতাদের বিরুদ্ধে।ওই ঘটনায় আদভানির ভূমিকা সম্পর্কে সিবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, মসজিদের ধ্বংস প্রক্রিয়া শুরুর আগে ও ধ্বংস করার সময় এফআইআরে উল্লেখ করা আটজনসহ অন্যরা মঞ্চে উঠে উসকানিমূলক স্লোগান দিয়েছেন। তা জনতাকে সহিংস করার পাশাপাশি কর সেবকদের মসজিদ ধ্বংস করার কাজে প্ররোচিত করে।১৯৯২ সালের ১২ ডিসেম্বর অযোধ্যায় উগ্র হিন্দুরা ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে। এ ঘটনায় দেশটিতে হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে।