বাবরি মসজিদ মামলায় যেসব প্রশ্নের মীমাংসা হতে পারে
ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় আজ বৃহস্পতিবার বিকেলে ঘোষিত হতে যাচ্ছে । ভারতের এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ এ রায় প্রদান করবেন। আদালতের রায়ে মূলত কয়েকটি বিতর্কিত প্রশ্নের অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে। এ রায়ে যে ব্যাপারগুলোর নিষ্পত্তি হবে তার মধ্যে রয়েছে, এ বিতর্কিত জায়গাটি আসলেই রামের জন্মস্থান কি না, এখানে হিন্দু ধর্মাবলম্বীরা সুদূর অতীতেও পূজা-অর্চনা করতেন কি না, আসলেই সেখানে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল কি না, মসজিদটি নির্মাণ করার আগে এই জমির কোনো নির্দিষ্ট অংশে হিন্দুরা পূজা-অর্চনা করতেন এবং মসজিদটি নির্মিত হওয়ার পর থেকেই এখানে মুসলমানেরা নামাজ আদায় শুরু করেছেন কি না। আরও কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে এলাহাবাদ হাইকোর্ট এ-সংক্রান্ত রায় দেবেন। সেগুলো হলো—মুসলমানেরা কি ১৯৪৯ সাল পর্যন্ত এই জমির স্বত্বাধিকারী ছিলেন এবং একই সময়ে তাঁরা এর অধিকার হারিয়েছেন কি না, ১৯৪৯ সালের ২২ ও ২৩ ডিসেম্বর রাজা রামের মূর্তি বাবরি মসজিদের অভ্যন্তরে নেওয়া হয়েছিল কি না, অথবা সেটি আগেও সেখানে ছিল কি না। সব শেষে হিন্দুরা কীভাবে এ জমি পেলেন, সেটা কি উত্তরাধিকার সূত্রে নাকি কারও কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে।১৯৯২ সালের ৬ ডিসেম্বর কট্টর হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলেন। এর জের ধরে ভারত তার ইতিহাসের সবচয়ে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘাতের মুখে পতিত হয়। কলকাতা, মুম্বাই ছাড়াও ভারতের অন্যান্য শহরগুলোয়ও হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই দাঙ্গায় প্রায় কয়েক হাজার লোক নিহত হয়। মামলার আজকের রায় নিয়ে ভারতে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা না ঘটে, সে জন্য দেশজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।—হিন্দুস্তান টাইমস