বাবরি মসজিদ মামলার রায় স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট
বাবরি মসজিদ ও রাম জন্মভূমি নিয়ে মামলার রায় স্থগিত রাখার আবেদন নাকচ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের বাইরে কোনো মীমাংসার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে আসা যাবে, এমন আবেদন করে রায় স্থগিতের আবেদন জানিয়েছিলেন রমেশ চন্দ্র ত্রিপাঠি। তবে এলাহাবাদ হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চ এই আবেদন নাকচ করে দিয়েছেন। পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরই রায় ঘোষণা করা হবে বলে কোর্ট জানিয়েছেন।এদিকে অযোধ্যা মামলা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়ের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন দুই সম্প্রদায়ের নেতারা।শিয়া সম্প্রদায়ের ইমাম মওলানা কালবে জওয়াদ, ঈদগাহ ময়দানের ইমাম ও সর্বভারতীয় মুসলিম আইন পরিষদের সদস্য মওলানা খালিদ রশিদ ফিরাঙ্গিমহলিসহ মুসলিম সম্প্রদায়ের প্রধান নেতারা কোর্টের রায় সম্মানের সঙ্গে মেনে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে দেওবন্দের দারুল উলুম মাদ্রাসাও একই আহ্বান জানিয়েছিল।ফিরাঙ্গিমহলি বলেছেন, ‘শান্তিই আমাদের কাছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছি এবং কেউ যেন উদ্ভূত কোনো পরিস্থিতির সুযোগ নিয়ে কায়েমি স্বার্থ বাস্তবায়নের চেষ্টা না করে, সেদিকেও নজর রাখার জন্য সবাইকে সতর্ক করেছি।’ রাস্তায় বা মহল্লায় কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই রায় যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পছন্দ না হয়, তাহলে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন।’রাজনৈতিক নেতারা পরিস্থিতির সুযোগ নিতে পারেন এবং তাঁদের নিজ স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করতে পারেন বলে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সতর্ক করে দিয়েছেন কালবে জওয়াদ।অযোধ্যার রাম মন্দিরের প্রধান পূজারি আচার্য্য সত্যেন্দ্র দাস মহারাজ এবং অযোধ্যার জানকি ঘাটের মহন্ত জনমেয় সরন আদালতের রায় মেনে নিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে সত্যেন্দ্র দাস সম্প্রতি রোজার সময় বিভিন্ন ইফতার অনুষ্ঠানে অংশ নেন। পিটিআই