বাবরি মসজিদের ৬৭ একর জমিই চায় বিশ্ব হিন্দু পরিষদ
বাবরি মসজিদের ভূমি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়কে প্রাথমিকভাবে স্বাগত জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ বলেছিল, এ রায়ের ফলে অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে ‘রাম মন্দির’ নির্মাণের আইনি ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এক সপ্তাহ যেতে না যেতেই উগ্র হিন্দু জাতীয়তাবাদী এ দলটি নিজেদের অবস্থান থেকে সরে এসে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের কঠোর সমালোচনা করেছে। দলটি বলেছে, রায়ে যে পক্ষগুলোর মধ্যে বাবরি মসজিদের জমি ভাগ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তারা কেউই বাবরি মসজিদ-রাম মন্দির ঘটনার পরম্পরায় যুক্ত নয়।টাইমস নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংঘাল বলেন, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডকে রায়ের মাধ্যমে বাবরি মসজিদের জমির অন্যতম দুই মালিক করা ঠিক হয়নি। তিনি আরও বলেন, বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরই একমাত্র সমাধান এবং সেই রাম মন্দির নির্মাণে পুরো ৬৭ একর জমিই প্রয়োজন। তিনি আরও আশা প্রকাশ করেন, এলাহাবাদ হাইকোর্টের রায়ে যা-ই হোক না কেন, সুপ্রিম কোর্ট এ ব্যাপারে সঠিক সিদ্ধান্তটিই দেবেন।বিশ্ব হিন্দু পরিষদ বাবরি মসজিদের স্থানে হিন্দু অবতার রামের স্মরণে যে মন্দির নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে, তা বিভক্ত জমিতে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অশোক সিংঘাল। বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের কথাবার্তা অতীতের সাম্প্রদায়িক বিতর্ক আবার উসকে দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রামের স্মরণে যে মন্দির নির্মিত হবে, তা কোনো ছোট স্থানে করা সম্ভব নয়। এ জন্য পুরো জমিটিই প্রয়োজন। আর এই স্থানে রাম মন্দির ব্যতীত আর কোনো স্থাপনাই কাম্য নয়।’বহু বছর ধরেই বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে আসছিল হিন্দু অবতার রামের প্রকৃত জন্মস্থান ধ্বংস করে ফেলা বাবরি মসজিদের ঠিক কেন্দ্রে। বাবরি মসজিদের জমি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের এক সপ্তাহ পর দলটি আবার রামের জন্মস্থান নিয়ে পুরোনো বিতর্ক নতুনভাবে শুরু করার চেষ্টায় রয়েছে।অশোক সিংঘাল সম্প্রতি নির্মোহী আখড়ার বাবরি মসজিদের স্থানে রামের স্মরণে অন্য একটি ছোট মন্দির নির্মাণের ঘোষণার সমালোচনা করে বলেন, বাবরি মসজিদের স্থলে একমাত্র রাম মন্দির ব্যতীত অন্য কোনো স্থাপনাই গ্রহণযোগ্য নয়।