চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল সোমবার বিকেলে এই রিমান্ড মঞ্জুর করেন।গত মাসে একই মামলায় বাবরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।আদালত সূত্র জানায়, মামলাটি তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বাবরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গতকাল দুই পক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড শুনানিতে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ বলেন, প্রথম দফা রিমান্ডে বাবর বলেছেন, সিইউএফএল জেটিঘাটে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ খালাসের কথা ২০০৪ সালের ২ এপ্রিল ভোরে পুলিশের বিশেষ শাখার (এসবি) তৎকালীন উপমহাপরিদর্শক (ডিআইজি) শামসুল ইসলামের কাছ থেকে তিনি জেনেছেন। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যে জড়িত, সেটাও তখন তিনি জানতে পারেন। তা তিনি এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে অবহিত করেন। আবদুর রহিম কী পদক্ষেপ নিয়েছিলেন, সে বিষয়ে তিনি আর কোনো খোঁজ রাখেননি। এনএসআইয়ের জড়িত থাকার বিষয়ে বাবর তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিকে কিছু বলেছেন কি না, এ সম্পর্কে প্রথম দফা রিমান্ডে তিনি কিছু বলেননি। কিন্তু তদন্ত কমিটির একাধিক সদস্য আদালতে বলেছেন, বাবরের হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের কারণে তদন্ত প্রতিবেদনে এনএসআইয়ের সম্পৃক্ততার কথা বাদ পড়ে। এসব বিষয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে।রিমান্ডের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী আদালতে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বাবরকে হয়রানি করতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। কারণ, কোনো আসামি ১৬৪ ধারার জবানবন্দিতে তাঁর নাম বলেননি।’বাবরের আইনজীবী মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘বারবার রিমান্ডে না নেওয়ার ব্যাপারে হাইকোর্টের অনেক সিদ্ধান্ত আছে। আমরা আদালতে দুটি মামলার সিদ্ধান্ত পড়ে শুনিয়েছি। এর পরও আদালত বাবরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বর্তমানে অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে।