দশ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম আজ বাবরের আইনজীবীর করা জামিন আবেদন নাকচ করে দেন।এ মামলায় গত বছরের ৩ অক্টোবর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় প্রথম দফা রিমান্ডে বাবরকে গত বছরের ৭ থেকে ১১ নভেম্বর রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দ্বিতীয় দফায় তাঁকে গত বছরের ১০ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।তদন্ত সূত্র জানায়, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে ওই সময় এ মামলার তদন্ত বেশি দূর এগোয়নি।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এ মামলায় কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আদালতে জবানবন্দি দেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়।