২১ আগস্ট গ্রেনেড হামলার পর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে এই ঘটনায় আওয়ামী লীগ নেতাদের দেওয়া মামলা মতিঝিল থানার পুলিশ গ্রহণ করেনি। প্রতিমন্ত্রীর নির্দেশে পুলিশ বাদী হয়ে মামলা হয়। শুধু তা-ই নয়, বাবরের নির্দেশে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত আর্জেস গ্রেনেডগুলো ধ্বংস করা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন ভারপ্রাপ্ত কমিশনার এস এম মিজানুর রহমান গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন। তাঁকে ১২ আগস্ট আসামিপক্ষের জেরার দিন ধার্য করেছেন আদালত।সাক্ষ্যে মিজানুর রহমান বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন সকালে তখনকার পুলিশ কমিশনার আশরাফুল হুদা যুক্তরাষ্ট্রে যাওয়ায় মিজানুর রহমান ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পান। তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট পুলিশ সদর দপ্তরে তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) শহুদুল হকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা-বিষয়ক সভা চলাকালে খবর পান বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা হয়েছে। এরপর তিনি পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে খোঁজখবর নিতে থাকেন।মিজানুর বলেন, তাঁকে মহানগর পুলিশের তৎকালীন উপকমিশনার (পূর্ব) বোমা হামলার বিষয়ে নিশ্চিত করেন। প্রায় একই সময় তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাঁকে ফোন করে বলেন, বঙ্গবন্ধু এভিনিউতে বোমা হামলা হয়েছে। খোঁজখবর নিন। আইজিপিও তাঁকে খোঁজখবর নিতে বলেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বাবর টেলিফোনে ভারপ্রাপ্ত কমিশনারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত গ্রেনেডগুলো সেনাবাহিনীর বিশেষজ্ঞ এনে দ্রুত ধ্বংস করার নির্দেশ দেন। মিজানুর রহমান কিছু বলার আগেই বাবর ফোন বন্ধ করে দেন। এরপর মিজানুর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই নির্দেশের কথা আইজিপি শহুদুল হককে জানান। একই সঙ্গে গ্রেনেডগুলো মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন বলে জানান। মিজানুর রহমান বলেন, ‘আইজিপি শহুদুল হক আমাকে বলেন, প্রতিমন্ত্রী যেভাবে বলেছে তা-ই করুন। এরপর রাতে সেনাসদস্যরা এসে গ্রেনেডগুলো ধ্বংস করে। পরদিন কেন্দ্রীয় কারাগারে যে গ্রেনেড পাওয়া যায়, সেটিও ধ্বংস করা হয়।’ তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রীর সমাবেশে নিরাপত্তার দায়িত্বে অবহেলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে চাইলে তাঁকে বাবর ও শহুদুল হক নিবৃত্ত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সমাবেশের তিন ঘণ্টা আগে তিনি ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এ কারণে সরেজমিনে নিরাপত্তাব্যবস্থা দেখতে পারেননি। তাঁকে উপকমিশনার ওবায়দুর রহমান নিরাপত্তা সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন। কমিশনার আশরাফুল হুদা বিদেশ থেকে ফেরার পর নিরাপত্তায় গাফিলতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে তিনিও বাধা দেন।