বাবরের নির্দেশে এনএসআইয়ের সম্পৃক্ততার বিষয়টি বাদ যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন উপমহাপরিদর্শক (ডিআইজি) ফররুখ আহাম্মদ চৌধুরী বলেন, বিগত চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলার অভিযোগপত্র থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সম্পৃক্ততার বিষয়টি বাদ দেওয়া হয়। চট্টগ্রামের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এই তথ্য জানান। ফররুখ ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন।গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সিআইডির সাবেক শীর্ষ কর্মকর্তা ফররুখের জবানবন্দি নথিভুক্ত করেন। কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর আদালতে তাঁর এই জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দিতে তিনি বলেন, ‘শুধু চট্টগ্রামের কর্মকর্তা নন, বরং এনএসআইয়ের সদর দপ্তরের কর্মকর্তারাও সেই অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। এমনকি এনএসআইয়ের মহাপরিচালকও এ ঘটনায় সম্পৃক্ত। তৎকালীন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) কবির উদ্দিন আমাকে বিষয়টি জানিয়েছিলেন।’২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় সরকারি তদন্ত কমিটির প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক। কমিটির অন্য সদস্যরা ছিলেন এনএসআইয়ের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক শামসুল ইসলাম। গত বৃহস্পতিবার ব্রিগেডিয়ার এনামুর আদালতে জবানবন্দি দেন।জবানবন্দিতে ফররুখ বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের সিআইডির সহকারী পুলিশ সুপার কবির উদ্দিন আমাকে টেলিফোনে জানান, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন ও চোরাকারবারি হাফিজ অস্ত্র পরিবহনের জন্য ট্রাকগুলো ভাড়া করেন। এনএসআইয়ের কর্মকর্তা আকবরকে জিজ্ঞাসাবাদ করতে আমি কবিরকে নির্দেশ দিই। আমার নির্দেশের পর কবির মাঠ কর্মকর্তা আকবরকে জিজ্ঞাসাবাদের জন্য এনএসআইয়ের কার্যালয়ে তাগাদাপত্র (রিকুইজিশন) দাখিল করেন। কবির আমাকে আরও জানান, এনএসআইয়ের উপপরিচালক মেজর লিয়াকত হোসেন মাঠ কর্মকর্তা আকবরকে সিআইডির কাছে উপস্থাপন করতে দিচ্ছেন না। মেজর লিয়াকতও ব্যাপারটা জানেন বলে কবির তাঁর সন্দেহ প্রকাশ করেন।’ফররুখ জবানবন্দিতে বলেন, ‘আমি বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানকে জানাই। প্রতিমন্ত্রী আমাকে বলেন, “দেখেন, অনেক ব্যাপারে জাতীয় স্বার্থ জড়িত থাকে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ১৯৯৬ সালে কক্সবাজারে এক ট্রলার অস্ত্র ধরা পড়ে। খোঁজ নিয়ে দেখেন, ওই ঘটনায় কোনো মামলাও হয়নি। কাজেই জাতীয় স্বার্থে আমাদের একটু বুঝেশুনে কাজ করতে হবে”।’ফররুখ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী আমাকে আরও বলেন, “আমি তো কমিটি করে দিয়েছি। স্বরাষ্ট্রসচিবের সঙ্গে পরামর্শ করে কাজ করুন। তাঁকে সবকিছু বলা আছে”।’ সিআইডির সাবেক কর্মকর্তা বলেন, ‘আমি লুৎফুজ্জামানের কথা শুনে বুঝতে পারলাম, কেন এনএসআই সহযোগিতা করছে না।’তৎকালীন স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে ফররুখ বলেন, ‘স্বরাষ্ট্রসচিব তদন্ত কমিটির সদস্যদের ফোনে ডাকলে আমরা তাঁর কাছে যাই। বৈঠকে প্রতিবেদন প্রস্তুত বলে স্বরাষ্ট্রসচিব জানান। তখন কথা প্রসঙ্গে কমিটির সদস্য এনএসআইয়ের পরিচালক ব্রিগেডিয়ার এনামুর রহমান বলেন, “চট্টগ্রামের এনএসআই কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে বার্তা এসেছে, ১০টি ট্রাক ভাড়ার ঘটনায় আকবরকে সিআইডি খুঁজছে। বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করব কি না।” তখন এসবির শীর্ষ কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, “এনএসআইয়ের চট্টগ্রামের লোকজন জড়িত মর্মে আমার কাছে কিছু তথ্য আছে”।’জবানবন্দিতে ফররুখ বলেন, ‘আমাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্রসচিব ও ডিজিএফআইয়ের পরিচালক রেজ্জাকুল হায়দার মন্তব্য করেন, “এগুলো সিআইডি দেখবে। আমরা প্রতিবেদনে এসব উল্লেখ করব না”।’ তিনি বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগেই আমাকে বিষয়টি জানানোয় আমি চুপ থাকি। এরপর স্বরাষ্ট্রসচিব ও ব্রিগেডিয়ার রেজ্জাকুল প্রতিবেদনে স্বাক্ষর করেন। পরিস্থিতি বিবেচনায় আমরা অন্য সদস্যরাও প্রতিবেদনে স্বাক্ষর দিই।’প্রসঙ্গত, বিগত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে নতুন করে তদন্ত শুরু হলে এই অস্ত্রের চালানের সঙ্গে প্রভাবশালী কয়েকজনের সম্পৃক্ততার কথা জানাজানি হয়। এরপর ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, এনএসআইয়ের তৎকালীন পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে এই মামলায় গ্রেপ্তার করা হয়।