বাবরের নির্দেশে পাঁচ উলফা সদস্যকে ছেড়ে দেওয়া হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র খালাসের সময় ঘটনাস্থল থেকে ভারতীয় বিচ্ছিন্নতা-বাদী সংগঠন উলফার পাঁচ সদস্যকে আটক করা হয়েছিল। পরে তাঁদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ছেড়ে দেওয়া হয়।গতকাল বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটসংলগ্ন বন্দর পুলিশ ফাঁড়ির তৎকালীন হাবিলদার মো. গোলাম রসুল।ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী গোলাম রসুল বলেন, ‘অস্ত্র আটকের রাতে সার্জেন্ট হেলাল উদ্দিন ও আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে উলফা সন্দেহে পাঁচজনকে আটক করি। তাঁদের বন্দর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখি। জেটিঘাটে থাকাকালে আমি দ্বীন মোহাম্মদ, মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বার, জসিম ও ট্রলার মালিক হাজি সোবহানকে দেখতে পাই।’ তিনি বলেন, ‘জেটিঘাট থেকে পরদিন সকালে বন্দর পুলিশ ফাঁড়িতে গিয়ে আটক পাঁচজনকে না পেয়ে সার্জেন্ট আলাউদ্দিনকে জিজ্ঞেস করি। তিনি (আলাউদ্দিন) বলেন, ডিসি (পোর্ট) মহোদয় সিএমপি (চট্টগ্রাম মহানগর পুলিশ) কমিশনারের সঙ্গে আলাপ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে পাঁচজনকে ছেড়ে দিয়েছেন।’ হাবিলদার গোলাম রসুল অস্ত্র আটকের রাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, রাত পৌনে ১১টায় ফাঁড়িতে টেলিফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানান, সিইউএফএল জেটিঘাটে ক্রেনের সাহায্যে বিপুল পরিমাণ অবৈধ মালামাল নামিয়ে ট্রাকে তোলা হচ্ছে। এ খবর পেয়ে সার্জেন্ট আলাউদ্দিনের সঙ্গে গোলাম রসুলও ঘটনাস্থলে যান। জেটিঘাটে গিয়ে তিনি অনেক লোক, দুটি ট্রলার, সাত-আটটি ট্রাক ও একটি ক্রেন দেখতে পান। ক্রেনের সাহায্যে ট্রলার থেকে মালভর্তি বাক্স তোলা হচ্ছিল। তিনি বলেন, ‘সেখানে উপস্থিত দুজন নিজেদের হাফিজ (চোরকারবারি হাফিজুর রহমান) ও উলফা নেতা আবুল হোসেন বলে পরিচয় দেন। তাঁরা আমাকে ও সার্জেন্ট আলাউদ্দিনকে সেখান থেকে চলে যাওয়ার জন্য ভয়ভীতি দেখান। এর কিছুক্ষণ পর কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন তখন হাফিজ ও আবুল হোসেনকে ওসি আহাদুর রহমানের কাছে নিয়ে যান। তখন হাফিজ ও আবুল হোসেন ওসিকে বলেন, এসব অস্ত্র ও গোলাবারুদ উলফার জন্য আনা হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সব সংস্থা জানে।’গোলাম রসুল বলেন, ‘পরবর্তীতে তদন্তের সময় জানতে পারি যে আবুল হোসেন পরিচয়দানকারী ওই ব্যক্তি হলেন এনএসআইয়ের মেজর লিয়াকত হোসেন।’ গোলাম রসুলের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আংশিক জেরা হয়। আদালত আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট আলাউদ্দিন সংলগ্ন বন্দর পুলিশ ফাঁড়িতে ও সার্জেন্ট হেলাল উদ্দিন সংলগ্ন কয়লার ডিপো পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ওই রাতে জেটিঘাটে অস্ত্র খালাসের ঘটনার আরও দুই প্রত্যক্ষদর্শী সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন। এর আগে গত ২৯ ও ৩০ জুলাই হেলাল উদ্দিন ও ২৯ আগস্ট আলাউদ্দিন আদালতে সাক্ষ্য দেন।