১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী পুলিশের সার্জেন্ট হেলাল উদ্দিনের জেরা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। জেরা শেষ হওয়ার পর চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান আজ বুধবার পর্যন্ত আদালতের কার্যক্রম স্থগিত করেন। এ মামলায় সাক্ষ্য দেওয়ার পর হেলাল উদ্দিনকে গত ৩০ ও ৩১ জুলাই আংশিক এবং গত সোমবারও দিনভর জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার তাঁর অসমাপ্ত জেরা শেষ করেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে অস্ত্রের চালান আটকের প্রত্যক্ষদর্শী সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিন। তিনি আদালতে দেওয়া সাক্ষ্যে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তারের বর্ণনা দিয়ে বলেছিলেন, ‘পরবর্তীতে আমি জানতে পারি, যে পাঁচজন লোককে ধৃত করে বন্দর পুলিশ ফাঁড়িতে পাঠিয়েছিলাম, তাদেরকে ডিসি (বন্দর) মহোদয় পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে আলোচনাক্রমে এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ছেড়ে দেন।’ সাক্ষ্যের এ অংশটুকু উদ্ধৃত করে বাবরের আইনজীবী বলেন, ‘এই কথাগুলো মিথ্যা, বানোয়াট ও শেখানো।’ জবাবে সার্জেন্ট হেলাল বলেন, ‘এটা সত্য নয়। বরং র্যাব দিয়ে আমার ওপর অত্যাচার করানো, মামলা দেওয়াসহ সবকিছুই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে আমার অফিসাররা আমাকে জানিয়েছেন।’ ২০০৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ওই মন্ত্রণালয়ের কোনো পূর্ণ মন্ত্রী ছিলেন না। এ বিষয়ে সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ বলেন, ‘জেরার জবাবে সার্জেন্ট হেলাল স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বাবরকেই বুঝিয়েছেন।’জেরার জবাবে আদালতের উদ্দেশে সার্জেন্ট হেলাল আরও বলেন, ‘সম্পূর্ণ ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। র্যাবের লেফটেন্যান্ট কর্নেল এমদাদ আমার পা ভাঙার পর মুঠোফোনে কথা বলেন। ওই সময় তিনি (লে. কর্নেল এমদাদ) বলেন, ওপরের নির্দেশে তোমাকে মামলা দেওয়া হয়েছে। আমি পুলিশে চাকরি করি। আমি জানি, র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।’