বাবরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর, আদালতে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিএনপি-সমর্থিত আইনজীবী-দের তুমুল হইচই আর হট্টগোলের মধ্যে অনুষ্ঠিত শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন। এদিকে চিকিৎসার আবেদন নিষ্পত্তি না করে রিমান্ড মঞ্জুরের অভিযোগ তুলে বাবরের আইনজীবীরা উচ্চ আদালতে যাবেন বলে আদালতকে জানান। আদালত আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন। আইনজীবীরা এ সময় রিমান্ডের আদেশ স্থগিত রাখার আবেদন জানান। তবে আদালত তাতে সাড়া দেননি। আদালত সূত্র জানায়, গতকাল বেলা দুইটা ২৫ মিনিটে বাবরকে মহানগর হাকিমের এজলাসে আনা হয়। এর আগে সকালে আদালত ভবন ও আশপাশে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। মহানগর হাকিমের আদালতের সামনে আইনজীবী ও সাংবাদিক ছাড়া সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। শুনানি শেষ হলে বাবরকে কড়া পাহারায় চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল সকাল থেকে আদালত চত্বরে বিএনপি-সমর্থিত আইনজীবী ও দলীয় নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। বিকেলেও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে আদালত চত্বরে মিছিল-সভা হয়।গত ৩ অক্টোবর বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ১৩ অক্টোবর ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে বাবরকে সে দিন আদালতে হাজির করা যায়নি। বাবরের স্ত্রীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে দুই সপ্তাহ ঢাকার বাইরে না নেওয়ার আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে আগের আদেশ স্থগিত করেন আদালত। শুক্রবার বাবরকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।আইনজীবীদের হইচই: গতকাল দুপুরে বাবরকে আদালতে আনা হলে তাঁর পক্ষে বিপুলসংখ্যক আইনজীবী দাঁড়িয়ে যান। শুরুতে তাঁরা আদালতে বৈদ্যুতিক পাখা ছাড়তে বলেন। কিন্তু তখন বিদ্যুৎ ছিল না, লোডশেডিং চলছিল। এতে আইনজীবীরা ‘এই সরকার ব্যর্থ’ বলে হইচই করতে থাকেন। একপর্যায়ে তাঁরা বাবরকে বসার জন্য চেয়ার দাবি করেন। তাঁরা উচ্চ স্বরে বলতে থাকেন, ‘বাবর সাহেব অসুস্থ, তাঁর রক্তের প্রয়োজন। রিমান্ডে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। এ অবস্থায় রিমান্ডের শুনানি করা যাবে না।’ হইচইয়ের মধ্যে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী আদালতকে বলেন, ‘স্যার, আসামি কোথায় থাকবেন?’ আদালত বলেন, ‘কাঠগড়ায়।’ এরপর বাবরকে আসামির কাঠগড়ায় নেওয়া হয়। আবার তুমুল হইচই শুরু করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। তাঁরা বলতে থাকেন, ‘বাবর সাহেব অসুস্থ। তাঁকে কেন কাঠগড়ায় নেওয়া হলো।’ হইচইয়ের মধ্যে বাবর কয়েকজন আইনজীবীকে বলেন, ‘আমার নাকে পলিপ আছে, এ কারণে রক্ত পড়েছে। আমি নিয়মিত ওষুধ নিচ্ছি।’ সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ বলেন, ‘বাবর সাহেবের পলিপ আছে বলে তিনি নিজেই জানিয়েছেন। এ কারণে তাঁর নাক দিয়ে রক্ত ঝরে। তিনি চিকিৎসা নিচ্ছেন।’ শুনানি: এজলাসকক্ষে বিএনপি-সমর্থিত আইনজীবীদের চেঁচামেচির মধ্যেই রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ। তিনি আদালতকে বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের সম্পৃক্ততার বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখ থেকে বেরিয়ে এসেছে। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে অস্ত্রের বিশাল চালানটি ধরা পড়ে। ওই সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাবরকে জড়িয়ে সাবেক বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা ও সাবেক আমলা আদালতে জবানবন্দি দিয়েছেন। এই মামলায় বাবরের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। এসব তথ্য জানা জরুরি। তাই তিনি বাবরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।বিএনপি-সমর্থিত আইনজীবীদের হইচইয়ের মধ্যেই বাবরের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তাঁরা বলেন, ‘আগে তাঁকে চিকিৎসা দিতে হবে, পরে রিমান্ড শুনানি। সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। তাই তাঁকে এই মামলায় জড়ানো হয়।’ একসঙ্গে বেশ কয়েকজন আইনজীবী বক্তব্য দেন। চেঁচামেচির মধ্যে মহানগর হাকিম বাবরের কৌঁসুলিদের জিজ্ঞেস করেন, ‘আপনাদের আর কোনো গ্রাউন্ড আছে?’ কিন্তু এই প্রশ্নের জবাব দেননি আইনজীবীরা। বিচারক আদেশ দিয়ে বলেন, ‘পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর।’ তুমুল হট্টগোলের মধ্যে হাকিম তাঁর খাসকামরায় চলে যান। বিএনপির আইনজীবীরা ‘ভুয়া, ভুয়া’ বলে এজলাসকক্ষে চিৎকার করতে থাকেন। পরে বারান্দায় বেরিয়ে এসে তাঁরা সরকারবিরোধী মিছিল বের করেন। রিমান্ড মঞ্জুরের ২০ মিনিট পর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান আবার এজলাসে আসেন। এ সময় বিএনপি-সমর্থিত কয়েকজন আইনজীবী বলেন, ‘স্যার, শুনানি না করে আপনি বাবর সাহেবের রিমান্ড মঞ্জুর করেছেন।’ জবাবে হাকিম বলেন, ‘আমি সবার বক্তব্য শুনেছি। আপনাদের কয়েকবার বলেছি, আর কোনো গ্রাউন্ড আছে কি না। আপনারা কোনো জবাব দেননি।’ এই পর্যায়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, ‘আমাদের আবেদনের নিষ্পত্তি না করে আপনি রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এ ব্যাপারে উচ্চ আদালতে যেতে চাই।’ জবাবে হাকিম বলেন, ‘কাল (আজ মঙ্গলবার) এ বিষয়ে শুনানি হবে।’সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে বাবরের অসুস্থতার কারণে ওই আদেশ স্থগিতের জন্য আবেদন করা হয়েছে। এতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়ে ১৫ দিন সময় চাওয়া হয়েছে। আজ চট্টগ্রামের আদালতে আবেদনটির ওপর শুনানি হবে। পিপি কামালউদ্দিন আহম্মদ বলেন, মামলার নথিপত্র যাচাই এবং শুনানি করেই মহানগর হাকিম রিমান্ড মঞ্জুর করেন। আর শুনানির সময় বাবর সাহেবের কৌঁসুলিরা যেভাবে হইচই করেছেন, তাতে বিচারকাজ বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হয়। আদালতের সম্মান বজায় রেখে সবার কাজ করা উচিত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাবর সাহেবকে সুবিধামতো সময় ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশিদূর এগোতে পারেনি। গত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এই মামলায় কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আদালতে জবানবন্দি দেন। তাঁরা ঘটনাটি ধামাচাপা দিতে বাবর ও সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক তৎপর ছিলেন বলে দাবি করেন।