বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠন ১১ মার্চ
আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের দিন আগামী ১১ মার্চ ধার্য করেছেন আদালত। দিন আগামী ১১ মার্চ ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ এ এন এন বশিরউল্লাহর আদালতে মামলাটি বিচারাধীন আছে।গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় অভিযোগ করা হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ১৯৯৭ সালে মাস্টার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ১৯৯৯-০৯ সাল পর্যন্ত বিভিন্ন করবর্ষে আয়কর বিবরণীতে আট কোটি ছয় লাখ ৮০ হাজার টাকার তথ্য গোপন করেন। এ ছাড়া দুই কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন তিনি। মামলায় আরও অভিযোগ করা হয়, লুত্ফুজ্জামান বাবর একজন সাংসদ হওয়া সত্ত্বেও প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আয়কর বিবরণীতে বিভিন্ন করবর্ষে তাঁর প্রকৃত আয়ের তথ্য গোপন করেছেন। লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫, ১৬৬ ধারায় অভিযোগ আনে এনবিআর।