দশ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের চিকিত্সার জন্য রিমান্ড স্থগিতের আবেদন খারিজ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন। গত সোমবার একই আদালত বাবরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, আসামির আইনজীবীরা গত সোমবার বাবরের চিকিত্সাসংক্রান্ত শুনানি নিষ্পত্তির আবেদন করেন। তাঁরা রিমান্ড শুনানি পরে করতে চেয়েছিলেন। ওই দিনই রিমান্ড মঞ্জুরের আদেশের কয়েক মিনিট পর আসামির আইনজীবীরা এ রিমান্ড স্থগিতের আবেদন করেন। আসামির আইনজীবীরা বলেছিলেন, ‘বাবর অসুস্থ। তাঁর চিকিত্সা আগে করাতে হবে। এ জন্য রিমান্ড ১৫ দিনের জন্য স্থগিত রাখা প্রয়োজন।’ আজ এ বিষয়ে শুনানি শেষে আবেদনটি খারিজ করা হয়। বাবরের আইনজীবীরা আজ শুনানিতে অংশ নিয়ে বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রীর নাক দিয়ে রক্ত ঝরছে। তিনি গুরুতর অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা দেখে রিমান্ডের শুনানি স্থগিত রাখার আবেদন করি। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিত্সকের প্রতিবেদন চাওয়া হোক।’ পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী কামালউদ্দিন আহম্মদ যুক্তিতর্ক উপস্থাপন করেন। একপর্যায়ে উভয় পক্ষের আইনজীবীরা বিতর্কে জড়িয়ে পড়লে আদালত মামলার শুনানি ১০ মিনিটের জন্য স্থগিত রাখেন। পরে আবার শুনানি হয়। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আসামির আবেদন খারিজ করে দেন। তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ বছরের ৩ অক্টোবর বাবরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।