বাবা, দুই চাচার পর ১২ বছরের শিশু জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ও দুই চাচার হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র ইরান-উল হককে (১২) জবাই করে হত্যা করেছে চরমপন্থীরা। গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের রাধাগোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।ইরান ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ত। ক্রমিক নম্বর ছিল ৩। তাদের বাড়ি ধলা গ্রামে।নিহত ইরানের মা আরিফা খাতুন বলেন, ইরান তাঁদের একমাত্র সন্তান ছিল। স্বামী এমদাদুল হক খুন হওয়ার পর ইরানকে সব সময় আগলে রাখা হতো। বাবা ও দুই চাচার হত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে চরমপন্থী মিনহাজুল হক দুখু বাহিনীর সন্ত্রাসীরা ইরানকে হত্যার হুমকি দিয়েছিল। আরিফা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ইরান বন্ধুদের সঙ্গে বাড়ির অদূরে বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার পথে ও নিখোঁজ হয়। গতকাল ভোরে গ্রামবাসী ইরানের ক্ষতবিক্ষত লাশ বিদ্যালয়ের পাশের একটি মাঠে দেখতে পায়।খবর পেয়ে পুলিশ গিয়ে ইরানের লাশ উদ্ধার করে। মেহেরপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।দুখু বাহিনীর সম্পর্কে গ্রামের কেউ নাম প্রকাশ করে কিছু বলতে চাননি। তাঁরা প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে ইরানের বাবা এমদাদুল হক কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। গ্রামের আধিপত্য বিস্তার ও নির্বাচনে চরমপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চরমপন্থী দুখু বাহিনীর সঙ্গে এমদাদের বিরোধ সৃষ্টি হয়। এমদাদ ও তাঁর ভাইয়েরা দুখু বাহিনীর কয়েকজন সদস্যকে পুলিশে ধরিয়ে দেন। পরে ভারতে পালাতে বাধ্য হয় দুখু বাহিনী। এরই প্রতিশোধ নিতে দুখু ও তাঁর বাহিনীর ১০-১২ জন সন্ত্রাসী ওই বছরের ৩১ আগস্ট রাতে ভারত থেকে ধলা গ্রামে এসে বেশ কয়েকটি বোমা ফাটায়। তারা ঘুমন্ত অবস্থায় এমদাদুল, তাঁর ভাই জাহিদুল ইসলাম ও আলামিন হোসেনকে বাড়ির উঠানে ধরে এনে জবাই করে হত্যা করে। ভয়ে তখন কেউ বাইরে বের হয়নি। শিশু ইরান ওই দিন ঘরের বারান্দায় বাবা এমদাদুলের সঙ্গে ঘুমানোয় চুপচাপ পুরো ঘটনা দেখে। ধলা গ্রামটি ভারতের সীমান্তবর্তী হওয়ায় চরমপন্থীরা খুন করে আবার ভারতে চলে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কাথুলী ইউপির এক সদস্য বলেন, তিনজনকে হত্যাকাণ্ডের পর দুখু বাহিনীর হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে ধলা গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। তার পরও গ্রামে দুখু বাহিনীর সন্ত্রাসী হামলা, ডাকাতি, অপহরণ, বোমাবাজি, হত্যার ঘটনা কমেনি। গত তিন বছরে দুখু বাহিনীর হাতে গ্রামের অন্তত সাতজন খুন হয়েছে। নয়জনকে অপহরণ করে মুক্তিপণের লাখ লাখ টাকা চাঁদা আদায় করেছে। এ ছাড়া ডাকাতি, বোমাবাজির ঘটনা গ্রামে লেগেই আছে।যোগাযোগ করা হলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ‘২০০৮ সালে ধলা গ্রামের তিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিল শিশু ইরান। এ কারণে দুখু বাহিনী শিশুটিকে হত্যা করতে পারে।’সম্প্রতি চরমপন্থী দুখুকে গ্রেপ্তার করেছে ভারতের কৃষ্ণনগর থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, দুখুকে বাংলাদেশে ফেরত আনতে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুখুকে দেশে আনতে পারলে ভারতে আত্মগোপনে থাকা তার দলের বাকি সদস্যদের অবস্থান জানা যাবে। তখন তাদের গ্রেপ্তার করা গেলেই মেহেরপুরে খুন, ডাকাতি, অপহরণ ও বোমাবাজির ঘটনা কমে যাবে।