বাবা আমাদের অনেক ভালোবাসতেন — ইমা খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ আজম খান। দীর্ঘ রোগভোগের পর ২০১১সালে ৫ জুন সকালে এ জনপ্রিয় সংগীতশিল্পী মারা যান। আজম খানের মৃত্যুতে দেশ-বিদেশের লাখো-কোটি শ্রোতা ও দর্শক হারিয়েছেন তাঁদের প্রিয় শিল্পীকে। কেউবা হারিয়েছেন তাঁদের অকৃত্রিম বন্ধুকে, তাঁদের প্রিয় আজম ভাইকে; আর ইমা খান, হূদয় খান ও অরণী খান—এই তিনজন হারিয়েছেন তাঁদের প্রাণপ্রিয় বাবাকে। আজ ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রয়াত এই পপগুরু আজম খানের জন্মদিন। ১৯৫০ সালের এ দিনে ঢাকায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মদিনে বাবাকে স্মরণ করেছেন আজম খানের বড় মেয়ে ইমা খান।বাবাকে নিয়ে অনেক ঘটনাই আছে। কী বলব, আসলে বুঝে উঠতে পারছি না। আমার অনেক দিনের ইচ্ছে বাবাকে নিয়ে একটি বই লেখার। এবার (২০১২ সালের) অমর একুশের বইমেলায় সেটি প্রকাশ করারও কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। বই লেখার কারণেই ২০০৯ সালের দিকে বাবার সঙ্গে আমার প্রায় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হতো। বাবা মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা বলতেন। এ ছাড়া তাঁর জীবনের নানা ঘটনা আমাকে শোনাতেন। বাবার কাছে একটি বিষয়ে জানতে চাইতাম। বাবা—মৃত্যু সম্পর্কে তোমার ধারণাটা কি? এমন প্রশ্নে বাবা বলেছিলেন, ‘মৃত্যুর পরের জীবনটা আসলে অনন্ত জীবন। তবে আমার কাছে মনে হয় পরের জীবনটা আয়নার মতোই। আয়নায় যেমন মানুষের প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক তেমনি মৃত্যুর পরের জীবনে মানুষের জীবিত থাকার সময়ের প্রতিচ্ছবিটাই দেখা যাবে। মানুষ যদি ভালো কাজ করে, তাহলে মৃত্যুর পর ভালো ফলই ভোগ করবে। আর খারাপ করলে তার জন্য শাস্তি ভোগ করতে হবে।’বাবা তাঁর নিজের সামর্থ্য অনুযায়ী আশপাশে সবাইকে নানাভাবে সহযোগিতা করতেন। আমাদেরও তিন ভাইবোনকেও বলতেন মানুষের উপকারে নিজেদের নিয়োজিত করার জন্য। আর তাই বাবার মৃত্যুর পর বিভিন্ন উত্স থেকে পাওয়া তাঁর অর্থগুলো দিয়ে একটি ফাউন্ডেশন করার উদ্যোগও নিয়েছি। এর কার্যক্রম মোটামুটিভাবে শুরুও হয়ে গেছে। এখনো দাপ্তরিক কাজ শুরু করতে না পারলেও ময়মনসিংহ, গাজীপুর ও শ্রীপুরের কয়েকটি জায়গায় এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে।বাবার অ্যালবাম এবং বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানের রিং টোনসহ অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস থেকে যে অর্থ পাওয়া যাবে, তার একটা অংশ ব্যয় করা হবে এই ফাউন্ডেশনের কাজে।আমার বাবা আজম খান মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে আনন্দ খুঁজতেন। তাঁর অবর্তমানে বিভিন্ন উত্স থেকে পাওয়া অর্থগুলোই মূলত এ কাজে ব্যায় করা হবে। এ অর্থের তিন ভাগের দুই ভাগ আমার ছোট দুই ভাইবোনের জন্য খরচ করা হবে। আমার অংশের টাকার পুরোটা ব্যয় হবে ফাউন্ডেশনের কাজে। আমাদের সমাজে অনেক দুস্থ শিল্পী রয়েছেন। তাঁরা টাকার অভাবে চিকিত্সা করতে পারেন না। যাঁরা সামান্য সহযোগিতা পেলে নিজেদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, কারিগরি ও শিক্ষাক্ষেত্রে আজম খান ফাউন্ডেশন কাজ করবে। মূলত সেবামূলক কাজের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডের জন্যই আজম খান ফাউন্ডেশন।আমার মেয়ে কায়নাত ফাইরুজ বিনতে হাসানকে বাবা ডাকতেন ফোয়ারা নামে। ২০১০ সালের কথা। সে বছরের ৩১ জুলাই ছিল ফোয়ারার জন্মদিন। ফোয়ারার বয়স সে বছর তিনে পড়েছে। বাবা তখন অসুস্থ হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিত্সাধীন। এই অসুস্থতার মধ্যেও বাবা সেদিন সিঙ্গাপুর থেকে তাঁর নাতনিকে ফোন করে শুভকামনা জানাতে ভুলে যাননি। আব্বু ঠিকই সেদিন দুপুরে আমার ভাই হূদয়ের মুঠোফোন থেকে নাতনির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। বাবা অবশ্য ঠিকভাবে কথা বলতে পারতেন না। বাবার মুখে অপারেশন হয়েছে বিধায় প্রথম দুই সপ্তাহ তাঁর কথা বলা নিষেধ। তিনি শুধু হু...হ্যাঁ... শব্দ বলে সায় দিচ্ছিলেন। তাই মনের ভাব লিখে ভাইকে শোনাতেন। বাবার অসুস্থতার কথা ভেবে ফোয়ারা নানাকে বলেছিল, ‘আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে, তুমি আজকে আমাদের বাসায় আসো।’ এতটা কষ্টের মধ্যে থেকেও বাবা আমাদেরকে অনেক ভালোবাসতেন। আজ এসব কথা মনে হলে খুব কষ্ট হয়। আজ সকালে অনেক বছর পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। এর আগে অনেক ছোটবেলায় গিয়েছিলাম আজিমপুর কবরস্থানে। তখন অবশ্য সঙ্গে ছিলেন বাবা। আজ তাই কবর জিয়ারত করতে গিয়ে বাবার কথা খুব মনে পড়ছিল।