বাবা ও অন্যদের হত্যা করেন মুজাহিদ: শক্তি সাহা
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শক্তি সাহার জেরা আজ মঙ্গলবার শেষ হয়েছে।শক্তি সাহা আদালতকে বলেন, রাজাকার, আলবদর, মুজাহিদ ও ওহাব ফরিদপুরে একটি পঞ্চবটিগাছের গোড়ায় তাঁর (শক্তি সাহার) বাবা উপেন্দ্র নারায়ণ ও অন্যদের হত্যা করেন। এ ঘটনা তিনি নিজে দেখেছেন।আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে শক্তি সাহাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জেরা হয়।গত ২০ ফেব্রুয়ারি শক্তি সাহা তাঁর জবানবন্দিতে বলেছিলেন, মুক্তিযুদ্ধ চলাকালে মুজাহিদের ইশারায় গুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে অন্য ১০-১২ জনের সঙ্গে তাঁর বাবাও মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি তিনি দেখেছিলেন একটি গাছে উঠে। আইনজীবী মিজানুর রহমান জানতে চান, শক্তি সাহা ও তাঁর স্ত্রীর কোনো পাসপোর্ট আছে কি না? জবাবে শক্তি সাহা বলেন, তাঁদের কোনো পাসপোর্ট নেই। সে সময় তিনি আরও বলেন, এ পর্যন্ত তিনবার ভারতে গেছেন তিনি। প্রথমবার একাত্তরের মুক্তিযুদ্ধের সময়। মুজাহিদ মন্ত্রী হওয়ার পর তাঁর লোকজনের অত্যাচারে দ্বিতীয় দফায় ভারতে যান এবং স্ত্রীর অসুস্থতার পর সর্বশেষ ভারতে যান।মুজাহিদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেছিলেন কিনা—আইনজীবীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না’। হত্যাকাণ্ড কোন স্থানে সংঘটিত হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেড়িবাঁধের পাশে একটি পঞ্চবটিগাছের গোড়ায় ওই লোকজনকে গুলি করে হত্যা করা হয়।ঘটনাটি ঘটার সময় শক্তি সাহা তাঁর মা-বোনদের কথোপকথন গাছের ওপর থেকে দেখেছেন বা শুনেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। যে গাবগাছের কথা বলা হচ্ছে, তা এখনো টিকে আছে কিনা, এ প্রশ্নের না-সূচক জবাব দেন শক্তি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সময় গাবগাছটির দৈর্ঘ্য ছিল প্রায় ২০-২৫ হাত। জেরা শেষে আগামী ৫ মার্চ পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।কামারুজ্জামানের আবেদন খারিজজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অতিরিক্ত নথি গ্রহণের আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবেদনটি খারিজ করে দেন।কামারুজ্জামানের আইনজীবী এহসান এ সিদ্দিকী আবেদনটি করেছিলেন। পরে আদেশে ট্রাইব্যুনাল বলেন, ‘জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার একই ধরনের একটি আবেদন খারিজ করা হয়েছিল। সেই একই যুক্তিকে এই আবেদনটিও খারিজ করা হলো।’আজ একই ট্রাইব্যুনালে কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী রোববার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষকে সাফাই সাক্ষীদের নামের তালিকা জমা দিতে বলা হয়েছে।