বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা
নাটোরের বড়াইগ্রামে আজ সোমবার ভোরে এক যুবক তার বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা করেছে। নেশার টাকা দিতে গড়িমসি করায় তাদের হত্যা করা হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছে।বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটায় বড়াইগ্রামের নটাবাড়িয়া গ্রামে ইব্রাহিম হোসেন সিঁধ কেটে ছোট ভাই সাহাদত হোসেনের ঘরে ঢোকে। এ সময় সে ছুরি দিয়ে সাহাদত হোসেনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার স্ত্রী রীনা খাতুন বাধা দিলে তাকেও ছুরি দিয়ে কোপ দেয়। তাদের চিত্কারে বাবা আব্দুস সাত্তার (৮০) এসে ঘরের দরজা খোলার অনুরোধ করে। দরজা খুলেই ইব্রাহিম বাবাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে ইব্রাহিম ছুরিসহ পালিয়ে যায়।আশপাশের লোকজন এসে সাহাদত হোসেনকে মৃত অবস্থায় এবং আবদুস সাত্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে আবদুস সাত্তার মারা যান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সাহাদত হোসেনের স্ত্রী রীমা বেগম বলেন, ইব্রাহিম বেকার ও নেশাগ্রস্ত একজন যুবক। সে প্রায় সময় তার স্বামী ও শ্বশুরের কাছে নেশার টাকা চাইত। টাকা দিতে গড়িমসি করলেই উত্তেজিত হয়ে উঠত। গতকাল রোববার নেশার টাকা দিতে গড়িমসি করায় সে তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিল। কিন্তু রাতের আঁধারে এভাবে হত্যা করবে তা ভাবতেও পারেননি তিনি। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগেও ইব্রাহিম আমাদেরকে পাগল বানানোর জন্য ভাতের সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। পরে আমরা হাসপাতালে চিকিত্সা নিয়ে সুস্থ হয়েছি।’ বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও ঘটনাস্থল-সংলগ্ন বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম বলেন, ইব্রাহিম নেশাগ্রস্ত ও বেকার যুবক। সে পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। নেশার টাকা দিতে গড়িমসি করলে সে সংসারের জায়গা-জমির হিসাব চেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গোলমাল করত। এসব ঘটনার জের ধরেই সে ভাই ও বাবাকে হত্যা করতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।