বাবা ও মেয়ের বর্ণবাদ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সাত বছরের কৃষ্ণাঙ্গ মেয়েশিশু তিমনিত মেসঘেনা। বার্লিনে তাদরে বাস। এই শিশু গল্প পড়তে বা শুনতে খুব পছন্দ করে। রোজ সন্ধ্যায় নিজেদের ফ্ল্যাটের সোফায় বসে বাবার সঙ্গে গল্প করে সে। গল্প পড়তে পড়তেই একদিন তাদের সামনে চলে এল বর্ণবাদের মতো স্পর্শকাতর বিষয়টি। বাবা মেকননেন শিশুদের গল্পের বইয়ে এমন শব্দ চয়নের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে বিতর্ক শুরু করেন। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রকাশক, মন্ত্রীরা পর্যন্ত এর সঙ্গে জড়িয়ে যান। শেষ পর্যন্ত গল্পের লেখক মৃত্যুর আগে নিজের লেখা থেকে এমন বর্ণবাদী শব্দ সরিয়ে নেওয়ার সম্মতি দেন। প্রকাশকও তা নতুন করে ছাপার ঘোষণা দেন। এ যুগে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বাবা-মেয়ের জয়ী হওয়ার গল্পটাই তুলে ধরেছে বিবিসি অনলাইন।বাবার পাশে বসে ধ্রুপদি শিশুতোষ গল্প ‘দ্য লিটল উইচ’ (ছোট্ট ডাইনি) পড়ছিল তিমনিত। ৯৪ পৃষ্ঠায় গিয়ে গল্পের একটি চরিত্রের বর্ণনা পড়ে তার মনে খটকা লাগল। কালো একটি ছেলের বর্ণনা দিতে গিয়ে ‘নিগ্রো’ শব্দটির সমার্থক জার্মান শব্দ ‘নিগার’ ব্যবহার করা হয়েছে। শিশুটির কৃষ্ণাঙ্গ বাবা মেকননেন এতে চরম অপমানিত ও আহত বোধ করলেন। তবে মেকননেন দমে গেলেন না। এমন বর্ণবাদী শব্দ ব্যবহারের বিরুদ্ধে তিনি একাই প্রচারণা শুরু করেন। বিষয়টি প্রকাশককেও জানালেন। এরপর এ নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়। একদল মানুষ কৃষ্ণাঙ্গ বাবা ও মেয়ের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাদের পাশে দাঁড়াল। আরেক পক্ষ বহুকালের সত্য রাজনৈতিক ইতিহাস তুলে ধরার কথা বলে এমন শব্দচয়নের পক্ষে অবস্থান নিল। একপর্যায়ে জার্মানির পরিবারবিষয়ক মন্ত্রী ক্রিস্টিনা শ্রোডা এই কৃষ্ণাঙ্গ বাবা-মেয়ের পক্ষে দাঁড়ান। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, তাঁর সন্তানকে গল্প বলতে গিয়ে তিনিও এমন বর্ণবাদী শব্দের মুখোমুখি হয়েছেন। তখন তিনি সন্তানের কাছ থেকে তা আড়াল করে অন্য প্রসঙ্গে চলে গেছেন। শিশুমনে বিরূপ প্রভাব পড়তে পারে এমন বর্ণবাদী শব্দ শিশুদের বইয়ে না রাখার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। বামপন্থী দলের সাংসদ লু জোহিমসেনের ব্যাখ্যাটা ভিন্ন। তিনি বলেন, ‘এটি হাস্যকর ধারণা। গল্পটি বহু আগের একটি সময়ের প্রেক্ষাপটে লেখা হয়েছে। সাহিত্যে সংশোধন আনার অর্থ হলো, আজকের পাঠকেরা ঐতিহাসিক কিছুর প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবে না। এমন শব্দ বা বাক্য মুছে ফেললে আমরা কোন অবস্থা থেকে আজকের অবস্থায় এসেছি, সেটি সম্পর্কে জানা যাবে না।’ তিনি এই শব্দটি ব্যবহার করে পাশে ব্যাখ্যা দিয়ে দেওয়ার পরামর্শ দেন। তবে সেই পরামর্শ নেননি প্রকাশক থেইনেমান ভারলাগ। তিনি বইটির লেখাগুলো পর্যালোচনা করার কথা জানান। একই সঙ্গে ঘোষণা দেন, আপত্তিকর কিছু থাকলে তাঁরা বই থেকে সরিয়ে নেবেন।বাবা-মেয়ের জয় হয়। তবে অনেকেই সেটি মেনে নিতে পারেননি। তাঁরা ই-মেইলে মেকননেনকে হুমকি দিতে থাকেন। একজন বলেছেন, ‘তুমি কে? তুমি এখানে জন্মাওনি। তুমি অন্য জায়গা থেকে এখানে এসেছ এবং এখন আমাদের সমাজকে বদলে দিতে চাইছ।’আসলেই বাবা-মেয়ে অনক কিছু বদলে দিয়েছে। মৃত্যুর আগে ৮৯ বছর বয়সী শিশুসাহিত্যিক অটফ্রিড প্রিসলার তাঁর লেখা বই থেকে বর্ণবাদী শব্দ প্রত্যাহারের অনুমতি দিয়েছেন। আগামী বছর থেকে সংশোধিত রূপে বাজারে আসবে বইটি। তবে তিমনিতের ছোট্ট মন থেকে বর্ণবাদের খারাপ অভিজ্ঞতা চলে যায়নি। নিগ্রো শব্দের অর্থ জানতে চাইলে সে বলে, ‘কালো চামড়ার মানুষের জন্য এটি অবমাননাকর শব্দ। আমি নিগার (নিগ্রো) না।’