‘আমি আপনাদের সংসদ সদস্য। আমি জাতীয় সংসদে একজন সদস্য হিসেবে কাপাসিয়ার মানুষের কথা বলব, কাপাসিয়ার মানুষের সেবা করে যাব। আমি আত্মসম্মান নিয়ে সাধারণ মানুষের মাঝে থাকতে চাই। আমার বাবা তাজউদ্দীন আহমদ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমি বাবার অনুসারী, সে কারণে আমিও করিনি।’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ গতকাল শুক্রবার সকালে তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়ায় গিয়ে বিভিন্ন পথসভায় এসব কথা বলেন। উল্লেখ্য, সোহেল তাজকে বহনকারী গাড়িতে কোনো পতাকা ছিল না। ছিল না কোনো প্রটোকল। তবে সাংসদ হিসেবে তাঁর নিরাপত্তার জন্য সঙ্গে থানার পুলিশ ছিল।সোহেল তাজ বলেন, ‘আমি যত দিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, তত দিন আমার সাধ্য, শ্রম, মেধা দিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করেছি।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আত্মসম্মান, নীতি, আদর্শ একটি মানুষের বড় সম্পদ। কাপাসিয়াবাসীর মাথা নত হোক—এমন কোনো কাজ আমি করিনি। তাই আপনাদের সন্তান হিসেবে আত্মসম্মান বিসর্জন দিয়ে এ দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। কেউ যদি আমাকে অপমান করত, তাহলে সেটা হতো সাড়ে চার লাখ কাপাসিয়াবাসীর অসম্মান।’সকাল থেকে সোহেল তাজ উপজেলার গিয়াসপুর হাইস্কুল মাঠ, টোক সরোজবালা বালিকা উচ্চবিদ্যালয়, সিংহশ্রী উচ্চবিদ্যালয়, আমরাইদ বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় দলীয় নেতা-কর্মী ও সমবেত জনগণের উদ্দেশে বক্তৃতা করেন।এ সময় সোহেল তাজের সঙ্গে ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান, সাবেক সাংসদ মুহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নেতা আমানত হোসেন খান, অধ্যাপক ছানাউল্লাহ, নাজমুল হাছান পিন্টু, মহিলা আওয়ামী লীগের নেত্রী রওশনারা বেগম প্রমুখ। দুপুরে তিনি নিজ গ্রাম দরদরিয়ায় জুমার নামাজ আদায় ও নিজ বাড়িতে মধ্যাহ্নভোজ করেন।সোহেল তাজ পথসভার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও মহিলা লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।