বাবা-চাচার পর খুন হলো ইরান
মেহেরপুরে বাবা ও দুই চাচার পর এবার খুন হলো ১২ বছর বয়সী ইরান-উল হক। আজ শুক্রবার সকালে পুলিশ গাংনী উপজেলার ধলা রাধাগোবিন্দপুর মাধ্যমিক স্কুলের পাশের একটি মাঠ থেকে ইরানের লাশ উদ্ধার করে। সে ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। এলাকাবাসী জানায়, ২০০৮ সালের রোজার সময় সন্ত্রাসী দুখু বাহিনীর সদস্যরা ইরানের বাবা এমদাদুল হক ও দুই চাচাকে জবাই করে হত্যা করে। এমদাদুল হক ধলা গ্রামের ইউপি সদস্য ছিলেন। গ্রামে আধিপত্য বিস্তার ও নির্বাচনে চরমপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দুখু বাহিনীর কয়েকজন সদস্য ওই তিনজনকে হত্যা করে। আর ওই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল ইরান।নিহতের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার ইরান স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। আজ সকালে গ্রামবাসী ওই মাঠে শিশুটির ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল কৃষ্ণ মল্লিক জানান, সম্প্রতি ভারতের কৃষ্ণনগর থানা-পুলিশ ভারতে লুকিয়ে থাকা বাংলাদেশের সন্ত্রাসী মিনহাজুল হক দুখুকে আটক করেছে। তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ২০০৮ সালের ওই তিন খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল শিশু ইরান। তাই দুখু বাহিনী তাকে হত্যা করে থাকতে পারে।