বাবা-ছেলেকে গুলি করে টাকাভর্তি ব্যাগ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগরে গতকাল রোববার বাবা-ছেলেকে গুলি করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আইনজীবী নাজির আহমেদ (৫৫) ও তাঁর ছেলে আসিফ আহমেদকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা ব্যাগে ১০ লাখ টাকা থাকার দাবি করলেও পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।এ ছাড়া যাত্রাবাড়ীর শনির আখড়ায় ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা এক পেট্রলপাম্পের কর্মকর্তার কাছ থেকে পৌনে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।হাসপাতালে আসিফ আহমেদ বলেন, সকাল ১০টার দিকে তিনি ও তাঁর বাবা নয়াপল্টনে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে কাছেই ইস্টার্ন প্লাস বিপণিবিতানের সামনে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে আসা সাত-আটজন ছিনতাইকারী তাঁদের ঘিরে ধরে। ছিনতাইকারীরা তাঁর বাবার পায়ে গুলি করে ১০ লাখ টাকাভর্তি ব্যাগটি নিয়ে নেয়। এ সময় তিনি দৌড় দিলে ছিনতাইকারীরা পেছন থেকে তাঁরও পায়ে গুলি করে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, হাসপাতালে ভর্তির সময় নাজির আহমেদ বলেছিলেন, ১০-১২ হাজার টাকা ছিনতাই হয়েছে। পরে তিনি দাবি করেন, ব্যাগটিতে ১০ লাখ টাকা ছিল।আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগের অস্ত্রোপচারকক্ষে নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকদের বাগিবতণ্ডা হয়।এদিকে বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া ওভারব্রিজের নিচে রানা পেট্রলপাম্পের ব্যবস্থাপক নজরুল ইসলামের কাছ থেকে তিন লাখ ৭৩ হাজার টাকা ছিনতাই হয়। তিনি ওই টাকা শনির আখড়ায় একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে আসা চার-পাঁচজন ছিনতাইকারী ওভারব্রিজের নিচে অস্ত্রের মুখে নজরুলের সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা যাওয়ার সময় ১০-১২টি ফাঁকা গুলি করে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।