বাবা তোমারও আছে অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা যখন বৃদ্ধ হয়ে যান, তখন তাঁরও কিছু আইনত অধিকার জন্মায় এবং ছেলেমেয়েরা তা পালনে অবশ্যই বাধ্য। কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, বৃদ্ধ বাবা তাঁরই আপন সন্তানের দ্বারা নিগৃহীত হন। আধুনিক পারিবারিকব্যবস্থায় দিন দিন ক্ষুদ্র করে তুলছি আমাদের গণ্ডি। মাঝেমধ্যে এই গণ্ডির মধ্যে নিজের জন্মদাতা বাবা কিংবা মায়ের যেন আশ্রয় মেলে না। যে বাবা তাঁর সারা জীবনের আয়-রোজগার ও সম্পদ উজাড় করে সন্তানদের লালন-পালন করেছেন, আর ওই সন্তানটি কর্মজীবনে ঢুকে কিংবা নিজের সংসার শুরু করলে বেমালুম ভুলে বসে মা-বাবাকে। অবশেষে ঠাঁই নিতে হয় বৃদ্ধাশ্রমে কিংবা বৃদ্ধ মা-বাবা একাকী কোনো রকম জীবন যাপন করে শেষ দিনগুলো কাটিয়ে দিচ্ছেন।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বৃদ্ধ মা-বাবা কী করে তাঁদের সন্তানদের ওপর আইনগত অধিকার চাইবেন? সে উপায়ও আছে। হয়তো একটু অস্পষ্ট। তবু ইচ্ছে করলেই বাবা কিংবা মা তাঁর সাবালক ও কর্মক্ষম সন্তানের কাছ থেকে তাঁর প্রাপ্য সম্মান ও ভরণপোষণের জন্য প্রতিকার চাইতে পারেন। মুসলিম কিংবা অন্যান্য পারিবারিক আইনে ভরণপোষণের যে অধিকার আছে, তা শুধু স্ত্রী স্বামীর কাছ থেকে কিংবা ছেলেমেয়েরা বাবার কাছ থেকে চাইতে পারার ক্ষমতা দিয়েছে তা নয়, একজন বৃদ্ধ অসহায় বাবা কিংবা মাও তাঁর ছেলেমেয়েদের কাছ থেকে চাইতে পারেন। তবে এটি নৈতিক বাধ্যবাধকতা। বর্তমানে সহকারী জজ আদালতগুলো পারিবারিক আদালত হিসেবে বিচারকাজ করেন। তবে পারিবারিক আদালতে কোনো বৃদ্ধ মা-বাবা তাঁর কর্মক্ষম সন্তানের কাছে ভরণপোষণ চেয়ে প্রতিকার চাইতে পারেন কি না, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। কয়েক বছর আগে সাতক্ষীরায় এক আইনজীবী ছেলের বিরুদ্ধে তাঁর বাবা ভরণপোষণ চেয়ে মামলা করেছিলেন।অনেক সময় দেখা যায়, বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সম্পত্তি ছেলেমেয়েরা ইচ্ছেমতো ভাগবাটোয়ারা করে নিচ্ছে। বাবার কাছ থেকে জোর করে দানপত্র লিখিয়ে নিচ্ছে। বাবা জীবিত অবস্থায় ছেলেমেয়েরা কোনোভাবেই বাবার সম্পত্তি ভাগবাটোয়ার করতে পারে না। বাবা যদি তাঁর ছেলেমেয়েকে বাদ দিয়ে অন্য কাউকে দানপত্রের মাধ্যমে সম্পত্তি লিখে দেন, তাহলে সন্তানদের কিছু করার থাকে না। আবার অনেক সময় বাবা মুমূর্ষু অবস্থায় কেউ কেউ উইল করে নিতে চায়। কিন্তু এ উইল যদি স্বেচ্ছায় বাবা না করে থাকেন, তাহলে কার্যকর করা যাবে না। আর বাবার মৃত্যুর পরই কেবল উইল কার্যকর করা যায়। উইলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল করা যায় না এবং তা অবশ্যই অন্য উত্তরাধিকারীদের সম্মতিতে করতে হবে। যে বাবার ছেলেসন্তান নেই, তাঁরা সাধারণত তাঁদের মেয়েরা যেন সব সম্পত্তি পায়, সে জন্য দান করতে চান। কিন্তু ভাই কিংবা ভাইয়ের ছেলেরা মিথ্যা ও হয়রানিমূলকভাবে সম্পত্তি আত্মসাৎ করার ঘটনাও ঘটে। মুসলিম আইনে মায়ের নিজস্ব সম্পত্তি থাকলে মা মারা গেলে তাঁর সম্পত্তির চার ভাগের এক ভাগ মুসলিম আইন অনুযায়ী বাবা পাবেন। আবার মায়ের বাবা যদি জীবিত থাকেন, মা মারা গেলে তাহলে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি মায়ের বাবা পাবেন। বাবারক্ষেত্রেও একই পরিমাণ সম্পত্তি বাবার বাবাও পাবেন।সম্প্রতি জাতীয় সংসদে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১১’ নামের একটি বেসরকারি বিল উত্থাপন করা হয়েছে। বর্তমানে তা যাচাই-বাছাইয়ের জন্য আছে। এই বিলে প্রত্যেক কর্মক্ষম সন্তানকে তার মা-বাবার ভরণপোষণের নিশ্চয়তা দিতে হবে বলে বাধ্যবাধকতা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, ‘পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার একই সঙ্গে বসবাস নিশ্চিত করতে হবে। কোনো সন্তান তার পিতা বা মাতাকে বা উভয়কে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধনিবাস কিংবা অন্য কোথাও একত্রে বা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করবে না। পিতা-মাতা স্বেচ্ছায় অন্যত্র বাস করলে সন্তানদের তাদের মাসিক বা বার্ষিক আয়ের কমপক্ষে শতকরা ১০ ভাগ পিতা-মাতাকে নিয়মিত প্রদান করতে হবে। পিতা-মাতাকে ভরণপোষণ প্রদান না করলে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।’ ভারতে ২০০৭ সালে মা-বাবার ভরণপোষণের জন্য একটি আইন পাস করা হয়। ভারতে এ জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের বিধান আছে। ২০১০ সালে সিঙ্গাপুরেও এমন একটি আইন পাস করা হয়।আমাদের দেশেও প্রস্তাবিত বিলটি আইন আকারে এলে বৃদ্ধ ও অসহায় মা-বাবার অধিকার নিশ্চিত হবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। আজ বাবা দিবসে আমাদের প্রত্যাশা, এ বিলটি সংসদের চলতি অধিবেশনেই আইন আকারে পাস হবে। তানজিম আল ইসলাম