বাবা-ভাইকে হত্যার বর্ণনা দিলেন সুজিত মহাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ৩১তম সাক্ষী সুজিত মহাজন। জবানবন্দিতে তিনি মুক্তিযুদ্ধকালে তাঁর বাবা ও ভাইকে হত্যার বর্ণনা দেন। তিনি বলেন, মায়ের কাছে শুনেছেন, ওই সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে সাকা চৌধুরী ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সুজিত মহাজনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী উপস্থিত ছিলেন।জবানবন্দিতে সুজিত মহাজন (৫৩) বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান থানার উনসত্তরপাড়া গ্রামে। একাত্তরের ১৩ এপ্রিল তিনি, তাঁর বাবা যোগেশ চন্দ্র মহাজন ও বড় ভাই রঞ্জিত মহাজন বাড়ির বারান্দায় বসে ছিলেন। কিছুক্ষণ পর তাঁরা পশ্চিম দিক থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান শোনেন, এরপর পাকিস্তানি সেনা ও কয়েকজন বাঙালি তাঁদের বাড়িতে ঢোকে। তাঁর বাবা ও ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়, তিনি ভয়ে রান্নাঘরের পাশে ধানের গোলায় লুকিয়ে থাকেন। তিনি দেখেন, তাঁর বাবা ও ভাইকে ক্ষিতিশ মহাজনের পুকুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে আরও অনেক লোক ওই পুকুরের উত্তরপাড়ে জড়ো হয়। কিছুক্ষণ পর তিনি অনেক গুলির শব্দ শোনেন। তখন বিকেল সাড়ে চারটা-পাঁচটা বাজে। গুলি বন্ধ হওয়ার ১০-১৫ মিনিট পর তিনি গোলা থেকে বেরিয়ে পুকুরপাড়ে যাওয়ার সময় বাড়ির নলকূপের পাশে বাবা ও ভাইয়ের মরদেহ দেখেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, বাবা ও ভাইকে ধরে নিয়ে যাওয়ার সময় তাঁর মা হরিলতা মহাজন, কাকিমা মানতা মহাজন ও বৌদি মিনতি মহাজনকেও পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায়। পরে মাকে গুলিবিদ্ধ অবস্থায় পুকুরের পাশের একটি জমিতে পড়া দেখেন। পশ্চিম দিকে দেখেন, ৬০-৬২ জনের মরদেহের কয়েকটি পুকুরের উত্তরপাড়ে ও কয়েকটি পানিতে পড়ে আছে। সন্ধ্যার দিকে তিনি আহত মাকে শীলপাড়ায় নিয়ে যান। এর দুই-তিন দিন পর প্রতিবেশীরা পুকুরপাড়ে গর্ত করে মরদেহগুলো মাটিচাপা দেন।সুজিত মহাজন বলেন, মা একটু সুস্থ হওয়ার তিন-চার দিন পর তাঁর কাছে জানতে পারেন, বাঙালিদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তাঁর সহযোগীরা ওই দিন ঘটনাস্থলে ছিল। তিনি পরে জানেন, ওই দিনই মধ্য গহিরা, কুণ্ডেশ্বরী, জগৎমল্লপাড়া, বণিকপাড়া, উনসত্তরপাড়া মিলে পাকিস্তানি সেনারা দেড় শতাধিক সংখ্যালঘু লোককে গণহত্যা করেছে। উনসত্তরপাড়া গণহত্যা স্মরণে তিন-চার বছর আগে যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, সেখানে প্রায় ৫০ জনের নামের মধ্যে তাঁর বাবা ও ভাইয়ের নাম আছে।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরে তিনি সাকা চৌধুরীকে চিনতেন না, তবে এখন চেনেন। জবানবন্দি শেষে সুজিতকে জেরা শুরু করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।