বাবা-মামাকে ছাড়ার অনুরোধে আলীম বলেন, ছাড়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী মোস্তাফিজুর রহমান। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁর বাবা, মামা ও দুই চাচাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে আলীম বলেছিলেন, তাঁদের ছাড়া যাবে না।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোস্তাফিজুর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে মোস্তাফিজুর রহমান বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল ১৪-১৫ বছর। তখন তিনি পাঁচবিবি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তেন। একাত্তরের ২৬ মে বেলা ১১টার দিকে পাকিস্তানি সেনা, শান্তি কমিটির সদস্য ও রাজাকাররা তাঁদের বাড়ির পাশে তাঁর চাচা ইদ্রিস উদ্দিন সরদারের বাড়িতে আসে। এ খবর শুনে তিনি বাড়ির পাশে ঝোপের আড়ালে লুকান। তাঁর পাশে তাঁর দুই চাচাতো ভাই মাহবুবর রহমান (রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী) ও বজলার রহমানও লুকান। সেখান থেকে তাঁরা দেখেন, বিহারি আহমেদ কসাই ও রশিদ বিহারি সবাইকে সামনে আসার আহ্বান জানান এবং সবাইকে নিয়ে শান্তি কমিটি গঠনের প্রস্তাব দেন। এ সময় আরও অনেকের সঙ্গে তাঁর বাবা-চাচারা এগিয়ে গেলে রাজাকার, শান্তি কমিটির লোকজন এবং পাকিস্তানি সেনারা তাঁর বাবা ইলিয়াস উদ্দিন সরদার, দুই চাচা ইউসুফ উদ্দিন সরদার ও ইউনুস উদ্দিন সরদারকে ধরে পাঁচবিবিতে নিয়ে যায়। তাঁর ওই দুই চাচাতো ভাই তাঁদের অনুসরণ করে পাঁচবিবি যান।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, বাড়ি ফিরে ওই দুই ভাই তাঁদের বলেন, তাঁর মামা আবদুল কাদের মন্ডল, বাবা ও দুই চাচাকে পাঁচবিবির বালিহাটা ইউনিয়ন পরিষদে স্থাপিত সেনাক্যাম্পে রাখা হয়েছে। এ খবর শুনে তাঁদের ছাড়িয়ে আনতে তাঁর আরেক চাচাতো ভাই আবুল কাশেম সরদারকে পাঠানো হয়। কাশেম পাঁচবিবি শান্তি কমিটির নেতা মাওলানা মহাব্বতপুরী, জয়বর আলী আকন্দ, মাওলানা রুস্তম আলীর সঙ্গে দেখা করে বাবা-চাচাদের ছাড়িয়ে দিতে বললে তাঁরা আলীমের সঙ্গে দেখা করার পরামর্শ দেন। কাশেম পরে আলীমের কাছে গিয়ে তাঁদের ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আলীম বলেন, ‘যেহেতু আটককৃতরা স্বাধীনতার পক্ষের লোক, সেহেতু তাঁদের ছাড়া যাবে না।’মোস্তাফিজুর রহমান বলেন, কাশেম বাড়িতে এসে তাঁকেসহ অন্যদের বিষয়টি জানান। ওই দিন সন্ধ্যায় বাড়ির পাশে কালিশাহ পুকুরে বধ্যভূমির কাছে গুলির শব্দ পেয়ে তাঁরা অনুমান করেন, তাঁর বাবা, মামা, দুই চাচাকে মেরে ফেলা হয়েছে। ওই রাতেই তাঁরা ভারতে চলে যান। দেশ স্বাধীন হওয়ার পর তাঁরা ফিরে এসে ১৯৭২ সালের ২ মে ওই বধ্যভূমি থেকে তাঁদের লাশ শনাক্ত করে দাফন করেন।রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী এ কে এম মাহবুবর রহমানও গত ২২ এপ্রিল ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে একই ধরনের বিবরণ দেন।জবানবন্দি শেষে মোস্তাফিজুর রহমানকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।