বাবা হত্যার বিচার চাইল সায়মা
মা বলে দিয়েছেন কথা বলতেই হবে, কাঁদা চলবে না। তাই গলা ধরে এলেও নিজেকে সামলে নিচ্ছে মঞ্চে বসা জড়সড় সায়মা আক্তার। কিন্তু বাবার হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারছে না ১৫ বছরের সায়মা। এই কিশোরীর বাবা শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। ৫ এপ্রিল পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ পায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল থানা এলাকায়।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘আমিনুলের জন্য ন্যায়বিচার দাবি কার্যক্রম’ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যসহ আমিনুলের মেয়ে বক্তব্য দেন। আমিনুল বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) নামে একটি বেসরকারি সংস্থার সংগঠক এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। অনুষ্ঠানে ছয় সদস্যের ‘ন্যায়বিচার দাবি কমিটি’ ঘোষণা করা হয়। আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটির জ্যেষ্ঠ কাউন্সিলর এ কে এম নাসিম এবং বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আক্তারকে কমিটির সমন্বয়ক করা হয়েছে। আমিনুলের মেয়ে সায়মাসহ চার সদস্য রয়েছে এই কমিটিতে। অনুষ্ঠানের প্রশ্নের জবাবে কমিটি গঠন সম্পর্কে এ কে এম নাসিম বলেন, ‘বাংলাদেশে যেকোনো হত্যাকাণ্ডের তদন্ত দু-তিন মাস পর থিতিয়ে যায়। কিন্তু আমরা আমিনুলের ঘটনার শেষ দেখতে চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমিনুলের হত্যাকারীদের খুঁজে বের করতে এ কমিটি পুলিশকে সাহায্য করবে।’অনুষ্ঠানে বেসরকারি সংস্থা অধিকারের সভাপতি সি আর আবরার বলেন, ‘আমিনুল হত্যার বিচার দাবিতে এখন সবার একত্রিত হওয়া দরকার। যাঁরা সত্য বলতে চান, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে চান—এ রকম ঘটনা এঁদের যে কারোরই সঙ্গে ঘটতে পারে।’জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শফিউল ইসলাম বলেন, গুপ্তহত্যা, গুমের রহস্য উদঘাটিত হচ্ছে না। এর পেছনে সরকার, কোনো সংগঠন বা ব্যক্তি—যেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করতে হবে।