বাবাকে আলবদররা ধরে নিয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী তৌহিদ রেজা নূর। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১০ ডিসেম্বর রাতে তাঁর বাবা শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে আলবদর সদস্যরা ধরে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেননি, তাঁর লাশও পাওয়া যায়নি।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তৌহিদ রেজা নূরের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। তৌহিদ রেজা নূর শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছোট ছেলে। তাঁর জবানবন্দির আগে এ মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।জবানবন্দিতে তৌহিদ রেজা নূর বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল তিন বছর। সে সময় তাঁরা ঢাকার চামেলীবাগে থাকতেন। মুক্তিযুদ্ধকালে বাবাকে অপহরণের ঘটনা তিনি মা এবং ভাই শাহীন রেজা নূরের কাছে শুনেছেন। একাত্তরের ১০ ডিসেম্বর ‘এত দিনে’ শিরোনামে তাঁর বাবার একটি লেখা দৈনিক ইত্তেফাক-এ ছাপা হয়। ওই লেখায় মুক্তিযুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থানের সমালোচনা করা হয়। সে সময় তাঁর বাবা ইত্তেফাক-এর বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের পুরো সময় তিনি ইত্তেফাক-এ মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন নিবন্ধ, প্রতিবেদন ও লেখা প্রকাশ করেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১০ ডিসেম্বর মধ্যরাতে তাঁদের ঘরের দরজায় প্রচণ্ড শব্দ হয়। কিন্তু দরজা খুলে দেখা যায় কেউ নেই। রাত তিনটার দিকে আবার দরজায় শব্দ হয়। তাঁর ভাই শাহীন রেজা নূর দরজা খুলে দেখেন তাঁদের বাড়িওয়ালা, তাঁর দুই ছেলে ও শ্যালক দাঁড়িয়ে আছেন। পাশে ছিল মুখ ঢাকা ছয়-সাতজন অস্ত্রধারী। অস্ত্রধারীরা দরজা ঠেলে বাবার ঘরে ঢুকে আধো বাংলা, আধো উর্দুতে তাঁর নাম জানতে চান। বাবা নিজের পরিচয় দিলে অস্ত্রধারীরা তাঁকে তাদের সঙ্গে যেতে বলে। তখন বাবার পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল। বাবা পাঞ্জাবি পরতে চাইলে তারা পরতে দেয়নি। তাঁকে নিয়ে যাওয়ার সময় অস্ত্রধারীরা একটি গামছা চায়। তাঁর মা গামছা দেন। পরে অস্ত্রধারীরা বন্দুকের মুখে তাঁর মাসহ অন্যদের ঘরে ঢুকে দরজা বন্ধ করতে বাধ্য করে। ওই গামছা দিয়ে তাঁর বাবার চোখ বেঁধে নগ্ন পায়ে নিয়ে যাওয়া হয়। বাবাকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা জানতে পারেন, এভাবে আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।তৌহিদ রেজা নূর আরও বলেন, ছোটবেলা থেকে তিনি মায়ের মুখে শুনেছেন, একাত্তরের ১০ ডিসেম্বর বাবাকে আলবদর সদস্যরা ধরে নিয়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৯৯৫ সালে যুক্তরাজ্যের টোয়েন্টি টোয়েন্টি টেলিভিশনে ওয়ার ক্রাইম নামে একটি তথ্যচিত্র নির্মিত হয়। তিনি ওই তথ্যচিত্র নির্মাণ দলের সদস্য ছিলেন। ওই কাজ করতে গিয়ে গবেষণার অংশ হিসেবে তিনি কয়েকজনের সাক্ষা ৎকার নেন। তাঁদের কয়েকজন বুদ্ধিজীবী অপহরণের প্রত্যক্ষদর্শী। তাঁদের মাধ্যমে তিনি জেনেছেন, একাত্তরে বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে আলবদরের অপারেশন ইনচার্জ মুঈনুদ্দীন ও চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের হত্যার বিচার চান।জবানবন্দি শেষে তৌহিদ রেজা নূরকে জেরা শুরু করেন আবদুস শুকুর খান। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।