বাবাকে উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার হিসেবে ছিলেন দারুণ রোমাঞ্চপ্রিয়। ক্রিকেট ছাড়ার পর যেন রোমাঞ্চ তৃষ্ণা আরও বেড়েছে অ্যান্ড্রু ফ্লিনটফের। পাহাড়-সমুদ্র-বন-জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসেন, ভয়ংকর সব প্রাণী বা পরিস্থিতির মুখোমুখি হতে ভয়ডর বলতে নেই। কদিন ধরে খবরে আছেন ডিসকভারি চ্যানেলে তাঁর অ্যাডভেঞ্চার শো নিয়ে, ‘ফ্রেডি ফ্লিনটফ গোজ ওয়াইল্ড’। তো ক্রিকেটীয় কারণেও কিন্তু ঠিক এ সময় মনে পড়তে পরে ফ্রেডিকে। আরেকটি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলছে, আবারও এজবাস্টন টেস্ট! ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই এজবাস্টনেই ক্যারিয়ার-সেরা ইনিংসটি খেলেছিলেন ফ্লিনটফ। কলিন্স-কলিমোর-লসন-ব্রাভোদের তুলোধুনো করে ১৬৭ করেছিলেন ১৯১ বলে। ৭ বার বল পাঠিয়েছিলেন গ্যালারিতে। এর একটি আবার পাঠিয়েছিলেন বাবার কাছে। বাবার প্রতি ভালোবাসার নিদর্শন! গ্যালারির দ্বিতীয় তলার প্রথম সারিতে বসে খেলা দেখছিলেন ফ্রেডির বাবা কলিন ফ্লিনটফ। ছেলের সাত-ছয়ের একটি বল চলে এল সোজা কলিনের দিকে! ছেলের ক্যাচটা হাতে জমিয়েও ফেলেছিলেন কলিন, কিন্তু শেষ মুহূর্তে টুপ করে পড়ে গেল পাশের ভদ্রমহিলার কোলে। বল কিন্তু আশ্রয়ের জন্য বেছে নিয়েছিল সঠিক জায়গাটিই। ওই ভদ্রমহিলা ছিলেন সেই সময়ের ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের মা ডি ভন! আরিফুল ইসলাম