বাবাকে উপহার দেব ‘গাদ্দাফির টুপি’
বাবাকে তিনি উপহার দেবেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির টুপি। আল-বিনদি নামের এই বিদ্রোহী গত মঙ্গলবার ত্রিপোলির বাব আল-আজিজিয়ায় গাদ্দাফির বাসভবন থেকে সেনা টুপিটি নিজের কাছে নিয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসহ গাদ্দাফির স্মৃতিস্মারকও নিয়ে যায় বিদ্রোহীরা।লাল ও ধূসর রঙের এই টুপিতে সোনালি সুতায় কাজ করা। যুক্তরাজ্যের স্কাই নিউজের সঙ্গে কথা বলার সময় আল-বিনদি বলেন, ‘আমি গাদ্দাফির কক্ষে প্রবেশ করলাম। তখন আমার এমন অনুভূতি হলো—হায় আল্লাহ, এ কোথায় এলাম! আর তখনই পেয়ে গেলাম টুপিটা।’বিদ্রোহী আল-বিনদি বলেন, ‘এ টুপি আমার বাবাকে উপহার দেব। গাদ্দাফি ও তাঁর অনুসারীদের কারণে তিনি অনেক দুর্ভোগ পোহান।’ বেশ বড় একটি সোনার হার ছিল বিদ্রোহীর গলায়। হাতে ছিল একটি এক দণ্ড।আল-বিনদি জানান, ত্রিপোলিতে আসার আগে তিনি বিদ্রোহী সহযোদ্ধাদের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় গাদ্দাফির অনুগত সেনাসদস্যদের বিরুদ্ধে লড়েছেন। এ সপ্তাহে গাদ্দাফির শক্ত ঘাঁটি দখল করেন তাঁরা।