বাবাকে খুন করে লাশ পুঁতে রাখে মাদকাসক্ত ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত এক ছেলে তার ব্যবসায়ী বাবাকে খুন করে লাশ পুঁতে রাখে কারখানার ভেতর। ঘটনার সাত দিন পর গতকাল পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় কারখানার মালিকের ছেলে ও এক কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।অপর ঘটনায় মাদক সেবনে বাধা দেওয়ায় স্বামী ও দেবর মিলে এক গৃহবধূকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ জানায়, মনসুর দুলাল (৫৫) নামের এক ব্যবসায়ীকে খুন করে লাশ গর্তে মাটি চাপা দিয়ে রাখে তাঁর মাদকাসক্ত ছেলে জাহিদুল ইসলাম ওরফে সানি (১৭)। এ কাজে তাঁকে সহায়তা করে কর্মচারী শরীফ। গতকাল পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরপর তাদের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে পুরান ঢাকার নবেন্দ্রনাথ বসাক লেনের কারখানার তালা ভেঙে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মাদকের টাকা না পেয়ে সানি ও তাদের কর্মচারী শরীফ ওই ব্যবসায়ীকে খুন করে। সাত দিন আগে লাশটি মাটি চাপা দেওয়া হয় বলে তাঁরা জানতে পারেন।ওসি জানান, খুনের পর সানি ও তাদের কর্মচারী টাঙ্গাইলের নাগরপুরে গোয়াহাটায় গ্রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে খুনের কথা গল্প করার পর বিষয়টি জানাজানি হয়ে যায়। ওসি আরও জানান, গতকাল সকালে নাগরপুর থানার পুলিশ সানি ও শরীফকে আটক করে। তারা পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে। এরপর গতকাল দুপুরে নিহত মনসুর দুলালের স্বজনদের নিয়ে নবেন্দ্রনাথ বসাক লেনে তাঁর টেপ (পানির পাইপের জোড়া মুখে ব্যবহূত টেপ) কারখানায় গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। মনসুর দুলাল একটি কক্ষ ভাড়া নিয়ে কারখানা চালাতেন। কারখানাতেই তিনি সন্তান সানি ও কর্মচারী শরীফকে নিয়ে থাকতেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে মাটি সরানোর একপর্যায়ে গর্তের ভেতর চুল দেখতে পায় পুলিশ। মাটি খুঁড়ে দেখা যায়, গর্তের ভেতর লাশটি বসানো অবস্থায় ছিল। লাশের হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল।গতকাল ঘটনাস্থলে দেখা যায়, কারখানার মেঝে কাঁচা মাটির। কয়েকটি যন্ত্র, এর ওপর পরনের কাপড় ছড়িয়ে-ছিটিয়ে আছে। পাকা দেয়ালের ওপর টিনশেডের একটি কক্ষের কারখানার পাশে আরও দুটি কক্ষ ভাড়া নিয়ে নিম্ন আয়ের লোকজন থাকে, কিন্তু তারা কিছুই টের পাননি।দুলালের স্ত্রী খাদিজা বেগম প্রথম আলোকে জানান, দুই সন্তান নিয়ে তিনি গ্রামের বাড়িতে থাকেন। গত মঙ্গলবার বাড়িতে গিয়ে সানি জানায়, মানিকগঞ্জের ঘিওরে তারা ডাকাতের কবলে পড়েছে। এর পর থেকে বাবাকে খুঁজে পায়নি। তার কথায় বিশ্বাস করে কয়েক দিন ধরে তিনি ঘিওরে স্বামীর খোঁজ করেন।খাদিজা জানান, সানি মাদকাসক্ত। বাজে ছেলেদের নিয়ে কারাখানায় আড্ডা দিত সে। এতে বাধা দেওয়ায় বাবার ওপর ক্ষিপ্ত ছিল সানি।সূত্রাপুর থানার ওসি জানান, গ্রামবাসী মাদকাসক্ত সানি ও শরীফকে আটক করে নাগরপুর থানায় সোপর্দ করে।হত্যার অভিযোগ: এদিকে স্বামী ও দেবরকে মাদক সেবনে বাধা দেওয়ায় রাজধানীর কদমতলীতে তারানা ইসলাম (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তবে শ্বশুরপক্ষের লোকজনের দাবি, তারানা আত্মহত্যা করেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে স্বামীসহ মা-বাবা তারানাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তারানার বাবা তাজুল ইসলাম জানান, তারানা দনিয়ার বড়বাড়ি এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন। ছয় মাস আগে একই এলাকার জিতু মিয়ার সঙ্গে তারানার বিয়ে হয়। বিয়ের পর তাঁরা জানতে পারেন, জিতু ও তাঁর ভাই মাদকাসক্ত। তাঁরা তাঁদের মায়ের কাছ থেকে মাদকের জন্য টাকা নিতেন। কিন্তু তারানা এতে সব সময় বাধা দিতেন। গতকাল ভোরে খবর পেয়ে এসে দেখেন, তারানা বিছানায় অচেতন হয়ে আছেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।তাজুল ইসলাম অভিযোগ করেন, মাদক গ্রহণে বাধা দেওয়ায় তারানার স্বামী, শাশুড়ি ও দেবর মিলে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।